ইন্দোনেশিয়ায় ৫.৯ মাত্রার শক্তিশালী আফটারশক, আতঙ্কে বাসিন্দারা – DesheBideshe

ইন্দোনেশিয়ায় ৫.৯ মাত্রার শক্তিশালী আফটারশক, আতঙ্কে বাসিন্দারা – DesheBideshe


জাকার্তা, ১৭ আগস্ট – ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের কয়েকদিন পর ৫.৯ মাত্রার একটি বড় ধরনের আফটারশক আঘাত হেনেছে। সোমবার ভোরে আঘাত হানা এই ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির প্রাথমিক কেন্দ্র ছিল ৮.৫৭ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ এবং ১২১.৫৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে নতুন করে কোনো হতাহত বা বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর কয়েকদিন আগে পূর্ব ফ্লোরেস দ্বীপের ছয়টি এলাকায় ৭.৭ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছিল। ওই ভূমিকম্পে অন্তত ৪৭ জন নিহত হওয়ার পর ইন্দোনেশিয়া সরকার ১৪ দিনের জরুরি অবস্থা ঘোষণা করে। রবিবারও ধ্বংসস্তূপের নিচে জীবিতদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত ছিল।

একই সঙ্গে ক্ষতিগ্রস্ত ফ্লোরেসজুড়ে জ্বালানি ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের সরবরাহ পুনরায় চালু করা হয়েছে। বর্তমানে সিক্কা, মাঙ্গারাই, নাগেকেও, বিমা ও সেলায়ার এলাকায় প্রায় ৬ হাজার মানুষ অস্থায়ী আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। আগের দফার ভূমিকম্পে ৯১৪টি বাড়ি, ৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান, ৩৬টি স্বাস্থ্যকেন্দ্র এবং ৩৮টি সরকারি দপ্তর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে।

এস এম/ ১৭ আগস্ট ২০২৬