ইন্দোনেশিয়ার নারীর সঙ্গে ছবি নিয়ে সাদ-সোহেল রানার ভিন্ন দাবি – DesheBideshe

ইন্দোনেশিয়ার নারীর সঙ্গে ছবি নিয়ে সাদ-সোহেল রানার ভিন্ন দাবি – DesheBideshe


ইন্দোনেশিয়ার নারীর সঙ্গে ছবি নিয়ে সাদ-সোহেল রানার ভিন্ন দাবি – DesheBideshe
ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হারের পর সাদ উদ্দিন ও সোহেল রানা জুনিয়রের সঙ্গে একটি ক্লাবের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। দুই ফুটবলারের দাবি, ছবিটি নেপালে তোলা।

ঢাকা, ০২ অক্টোবর- ইন্দোনেশিয়ার বিপক্ষে ৯-২ গোলের বড় ব্যবধানে হেরে আসিয়ান কাপ শেষ করেছে বাংলাদেশ। এত গোল হজম করায় এমনিতেই সমালোচনা চলছে। এর মধ্যেই ইন্দোনেশিয়ার এলেনা নামের এক নারী বাংলাদেশের দুই ফুটবলার সাদ ও সোহেল রানাকে নিয়ে নাইট ক্লাবের একটি ছবি পোস্ট করেছেন। ছবিটি দেখে সেটিকে পানশালা ও ডিস্কোর মতো জায়গা বলে মনে হচ্ছে। এত বড় হারের পর ইন্দোনেশিয়ার ওই নারীর এমন পোস্ট দেখে ফুটবলপ্রেমীদের ধারণা, জাকার্তায় ম্যাচের আগে বা পরে তারা ওই ক্লাবে গিয়েছিলেন।

ঢাকা পোস্টের পক্ষ থেকে এ বিষয়ে জানতে চাওয়া হলে ইন্দোনেশিয়ার ওই নারীর সঙ্গে ছবির বিষয়টি অস্বীকার করেননি সাদ ও সোহেল রানা। তবে ছবিটি কোথায় এবং কখন তোলা হয়েছে, সে বিষয়ে তারা ভিন্ন দাবি করেছেন। তারা বলেন, ‘মোহামেডানে সাইন করার পর আমরা ফ্রি ছিলাম। জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার আগে নেপালে ঘুরতে গিয়েছিলাম। তখন একটি (লোডা) ক্লাবে তার সঙ্গে দেখা ও পরিচয় হয়েছিল। এটি জাকার্তা বা ইন্দোনেশিয়ায় নয়।’

ইন্দোনেশিয়ার নারী এলেনা তার সামাজিক যোগাযোগমাধ্যমের হ্যান্ডলে পোস্ট করেছেন, ‘বাংলাদেশে ফুটবলারদের সাথে সাক্ষাৎ হয়েছে তাদের এইচ ক্লাবে। বাংলাদেশ-ইন্দোনেশিয়া ম্যাচ দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছিল তারা। এটা খুবই ফানি হতো যদি খেলা দেখতাম এবং বাংলাদেশের পক্ষে চিয়ার করতাম আমাদের জাতীয় দলের পরিবর্তে।’ তাকে খেলা দেখতে আমন্ত্রণ জানানোর বিষয়ে জাকার্তা থেকে সাদ বলেন, ‘নেপালে তার সাথে পরিচয়। জাকার্তা আসার পর তাকে খেলা দেখতে আসতে বলেছিলাম, সে আসেনি।’

ফুটবলাররা দেশের তারকা। শুধু ক্রীড়াঙ্গন নয়, তরুণ সমাজও তাদের অনুসরণ করে। তাই নাইট ক্লাবে পানশালা কিংবা ডিস্কোতে যাওয়া শৃঙ্খলা পরিপন্থী বলে বিবেচিত হয়। সাদ ও সোহেল দুজনই সিনিয়র ফুটবলার। এরপরও তারা এমন কাজ করলেন কেন—এ প্রশ্নের জবাবে সোহেল রানা জুনিয়র বলেন, বিষয়টি ভুল হয়েছে এবং সঠিক হয়নি, এজন্য তিনি দুঃখিত। সাদ উদ্দিন বলেন, ‘একটা বিষয়কে না জেনে ভিন্নভাবে ব্যাখ্যা করা ঠিক নয়। আগে-পেছনে তথ্য থাকতে পারে, আমাদের পরিবার রয়েছে, ব্যক্তিগত জীবন আছে। ঐ সময় ক্লাব কিংবা জাতীয় দলের কোনো খেলা কিংবা ক্যাম্প ছিল না।’

ম্যাচ কমিশনারের গায়ে ধাক্কা দেওয়ার ঘটনায় সাদ উদ্দিনকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছিল। এর ফলে তার জাতীয় দলে খেলা সম্ভব ছিল না। পরে ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি ছয় মাসের বহিষ্কারাদেশ কমিয়ে ছয় ম্যাচ করে, যাতে তিনি জাতীয় দলে খেলতে পারেন। সেই ফুটবলারই আবারও শৃঙ্খলা নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন।

সাদ ও সোহেল দুজনই ছবিটি নেপালের বলে দাবি করেছেন। তারা বলেন, ‘ইন্দোনেশিয়ায় হোটেল থেকে বের হওয়া নিয়ে কড়াকড়ি ছিল।’ যদিও এই দাবির সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে আমিরুল ইসলাম বাবু ম্যানেজার থাকাবস্থায় জাতীয় দলে শৃঙ্খলার ক্ষেত্রে কিছুটা শিথিলতা থাকে—ফুটবলাঙ্গনে এমন আলোচনা রয়েছে। ইন্দোনেশিয়ায় দলের ব্যর্থতার পেছনে শৃঙ্খলাহীনতা, সমন্বয়হীনতা এবং অব্যবস্থাপনাও কিছুটা দায়ী বলে মনে করেন দলসংশ্লিষ্ট অনেকে।

এস এম/ ০২ অক্টোবর ২০২৬




FAQ

সাদ উদ্দিন ও সোহেল রানা জুনিয়রের ছবি নিয়ে কী হয়েছে?

ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯-২ গোলে হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের সঙ্গে এক ইন্দোনেশীয় নারীর ক্লাবের পরিবেশের ছবি ছড়িয়ে পড়ে।

ছবিটি কি ইন্দোনেশিয়ায় তোলা হয়েছিল?

এটি নিশ্চিত নয়। সাদ ও সোহেল দুজনের দাবি, ছবিটি নেপালে জাতীয় দলের ক্যাম্প শুরুর আগে তোলা হয়েছিল। স্বাধীনভাবে ছবির স্থান ও সময় যাচাই করা যায়নি।

ওই নারী কি বাংলাদেশ-ইন্দোনেশিয়া ম্যাচ দেখতে গিয়েছিলেন?

তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে ম্যাচ দেখতে আমন্ত্রণ পাওয়ার কথা উল্লেখ ছিল। সাদ উদ্দিনও জানিয়েছেন, তিনি তাঁকে ম্যাচ দেখতে আসতে বলেছিলেন; তবে তিনি ম্যাচ দেখতে আসেননি বলে সাদ দাবি করেছেন।

বাংলাদেশ ইন্দোনেশিয়ার কাছে কত গোলে হেরেছে?

বাংলাদেশ ৯-২ গোলে হেরেছে। প্রথমার্ধ শেষে ইন্দোনেশিয়া ৬-১ গোলে এগিয়ে ছিল।

বাংলাদেশ FIFA ASEAN Cup-এ কত পয়েন্ট পেয়েছে?

তিন ম্যাচে তিনটি হার নিয়ে বাংলাদেশ পয়েন্টহীন অবস্থায় গ্রুপ পর্ব শেষ করেছে।

ছবির ঘটনায় কি সাদ ও সোহেলের বিরুদ্ধে শাস্তি হয়েছে?

প্রকাশ্য নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী, এই ছবির ভিত্তিতে নতুন কোনো শাস্তির সিদ্ধান্ত এখনো ঘোষণা হয়নি। দলের ম্যানেজার জানিয়েছেন, নিয়ম ভঙ্গের প্রমাণ পাওয়া গেলে ডিসিপ্লিনারি কমিটি বিষয়টি দেখতে পারে।