ঈদের আগে আরও দুই দিন খোলা থাকবে ব্যাংক | চ্যানেল আই অনলাইন

ঈদের আগে আরও দুই দিন খোলা থাকবে ব্যাংক | চ্যানেল আই অনলাইন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘোষিত দীর্ঘ ছুটির আগে আগামী শনিবারও দেশের সব সরকারি ও বেসরকারি ব্যাংক খোলা থাকবে। ওই দিন ব্যাংকগুলোর স্বাভাবিক কার্যক্রম ও লেনদেন চলবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

শনিবার (২৩ মে) সাপ্তাহিক ছুটির দিন হলেও বিশেষ ব্যবস্থায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা রাখা হচ্ছে। রোববারও ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম চলবে। ফলে ঈদের ছুটির আগে গ্রাহকেরা আরও দুই দিন ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ পাবেন। এরপর ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ ব্যাংকও সরকারি-বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ছুটির নির্দেশনা দিয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, এসময়ে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। একই সঙ্গে সাপ্তাহিক ছুটির শনিবারও বাতিল করা হয়েছে, যাতে ঈদের আগে প্রয়োজনীয় দাপ্তরিক ও আর্থিক কার্যক্রম সম্পন্ন করা যায়।

এদিকে তৈরি পোশাকশিল্প খাতের শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ এবং আমদানি-রপ্তানিসংক্রান্ত কার্যক্রম সচল রাখতে শিল্পাঞ্চল সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলো ২৫ ও ২৬ মে খোলা রাখা হবে। এসব শাখা সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কার্যক্রম পরিচালনা করবে। তবে গ্রাহক লেনদেন চলবে দুপুর ১টা পর্যন্ত।