<![CDATA[
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, শান্তি ও স্থিতিশীলতা না থাকলে উন্নয়ন ব্যাহত হয়, এ জন্য বিশৃঙ্খলা পরিহার করতে হবে। শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা জরুরি এবং তা দেশের উন্নয়নের স্বার্থেই।
শুক্রবার (১১ আগস্ট) বিকেলে সিলেট জেলা পরিষদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে গত সাড়ে ১৪ বছরে ব্যাপক উন্নয়ন হয়েছে। তার গতি ঠিক রাখতে বা ধারাবাহিকতা বজায় রাখতে বাংলাদেশে শেখ হাসিনার সরকার বারবার দরকার।
আরও পড়ুন: দুর্নীতির টাকা জব্দের সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রকে স্বাগত: পররাষ্ট্রমন্ত্রী
সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এম নাসির উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী সদ্বীপ কুমার সিংহ, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. রমা বিজয় সরকার, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি মো. শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসির ৩৯৩ শিক্ষার্থীকে মোট ১৯ লাখ ৮৪ হাজার ৫০০ টাকার বৃত্তি দেয়া হয়।
]]>


