ফিলিস্তিনি পরিবারগুলোকে বাড়ি ছাড়ার নির্দেশ ইসরায়েলি সেনাবাহিনীর – DesheBideshe

ফিলিস্তিনি পরিবারগুলোকে বাড়ি ছাড়ার নির্দেশ ইসরায়েলি সেনাবাহিনীর – DesheBideshe


তেল আবিব, ১৪ আগস্ট – অধিকৃত পশ্চিম তীরের একটি গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের অবরোধের মুখে থাকা বেশ কয়েকটি ফিলিস্তিনি পরিবারকে তাদের নিজস্ব বাড়িঘর ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। জানা গেছে, ওই এলাকায় ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সরিয়ে নেওয়ার জন্য পরিচালিত অভিযানের অংশ হিসেবে এই নির্দেশ দেওয়া হয়েছে।

গত রবিবার থেকে নাবলুসের নিকটবর্তী কুসরা গ্রামের তিনটি বাড়িতে প্রায় এক ডজন ফিলিস্তিনি পরিবারকে অবরুদ্ধ করে রেখেছিল উগ্রপন্থী বসতি স্থাপনকারীরা। অবরোধ চলাকালে ওই পরিবারগুলোর বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

কুসরা গ্রামের মেয়র আবদেল আজিম ওয়াদি গণমাধ্যমকে জানিয়েছেন যে, বর্তমানে পুরো গ্রামটিকে একটি বন্ধ সামরিক এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। তিনি আরও অভিযোগ করেন যে, খালি করে দেওয়া কয়েকটি ফিলিস্তিনি বাড়িকে বর্তমানে ইসরায়েলি সেনারা তাদের অস্থায়ী ব্যারাক হিসেবে ব্যবহার করছে।

তবে এই অভিযানের বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে যে স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে ইসরায়েলি সরকারের মুখপাত্র ডেভিড মেনসার বসতি স্থাপনকারীদের এমন কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে একে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন।

তিনি বলেন, এ ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দায়ীদের গ্রেফতার ও আইনের আওতায় আনা হবে। উল্লেখ্য যে, বর্তমান ইসরায়েলি সরকারের আমলে অবৈধ বসতি দ্রুত সম্প্রসারিত হওয়ার ফলে ফিলিস্তিনিদের ওপর উগ্রবাদী বসতি স্থাপনকারীদের হামলার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী সকল ইসরায়েলি বসতিকে অবৈধ হিসেবে গণ্য করা হয়।

এস এম/ ১৪ আগস্ট ২০২৬