
দুই বছর পর একক কনসার্ট নিয়ে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। ২৫ সেপ্টেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে তার একক কনসার্ট ‘অতঃপর অধরা’। বিকাল ৫টা নাগাদ শুরু হবে শো।
মিফতাহ জামান বলেন, ‘এই শো নিয়ে আমরা খুবই এক্সাইটেড। গত শোয়ের পর যে তৃষ্ণা ছিল, সময়ের সঙ্গে সেটা আরো বেড়ে গেছে। দর্শকের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করার জন্য মুখিয়ে আছি। এবার ভেন্যু শিল্পকলায়; বলা যায় সিলেক্টিভ অডিয়েন্সের জন্য। কেআইবির চেয়ে কিছুটা ছোট পরিসরে। তবে আমরা ভীষণ এক্সাইটেড। এবার নতুন কিছু গানও পারফর্ম করব। পাশাপাশি আগের গানগুলোও থাকবে। পুরো টিম সিরিয়াসলি প্র্যাক্টিস করে যাচ্ছি। আশা করছি, দারুণ একটা শো হবে।’
এরই মধ্যে শুরু হয়েছে কনসার্টের টিকিট বিক্রি। ভিআইপি (নিচের গ্যালারি) টিকিটের দাম ১ হাজার ২০০ টাকা, আর রেগুলার (ওপরের গ্যালারি) টিকিট ৯০০ টাকা করে। তবে কোনো কাগুজে টিকিট থাকছে না, পুরো প্রক্রিয়াই সম্পন্ন হবে ডিজিটালি। পেমেন্ট সম্পন্ন করে টিকিট সংগ্রহের তথ্য মিলবে শিল্পীর ফেসবুক পেজে।
এর আগে ২০২৪ সালের ৫ জুলাই রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে প্রথমবার একক কনসার্ট করেছিলেন মিফতাহ জামান। সে কনসার্টে অভূতপূর্ব সাড়া পেয়েছিলেন তিনি।
তখন মিফতাহ জানিয়েছিলেন, এরকম একক কনসার্ট নিয়মিত করবেন। কিন্তু তার মধ্যেই দেশে রাজনৈতিক পট পরিবর্তনে কেটে গেছে লম্বা সময়। মিফতাহর নিজেরও ছিলো ব্যস্ততা। তাই বড় পরিসরে দ্বিতীয় একক কনসার্ট নিয়ে আসতে একটু বেশিই সময় লেগে গেল।
জানা গেছে, বিশেষ এই কনসার্টে মিফতাহ শোনাবেন তার বিখ্যাত ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’, ‘প্রাপ্তিশূন্য’র মতো গানগুলো। সঙ্গে থাকবে তার কণ্ঠে নতুনভাবে জনপ্রিয় হওয়া পুরনো দিনের ‘হয়তো তোমারই জন্য’, ‘কী নামে ডেকে বলব তোমাকে’, ‘আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন’ গানগুলোও।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
