স্মার্টওয়াচের বাজারে নতুন চমক নিয়ে হাজির হচ্ছে ভিভো। স্মার্টফোনের পাশাপাশি এবার নিজেদের নতুন ওয়্যারেবল ডিভাইস ভিভো ওয়াচ জিটি ২ বাজারে আনতে চলেছে প্রযুক্তি সংস্থাটি। সংস্থার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এর একাধিক ফিচার ও গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন। বড় ডিসপ্লে, দীর্ঘস্থায়ী ব্যাটারি, উন্নত স্বাস্থ্য পর্যবেক্ষণ এবং স্পোর্টস ট্র্যাকিংয়ের সুবিধা থাকছে নতুন এই স্মার্টওয়াচে।
নতুন স্মার্টওয়াচটিতে রয়েছে ২.০৭ ইঞ্চির ডিসপ্লে। এর সর্বোচ্চ উজ্জ্বলতা ২,৪০০ নিটস। ফলে উজ্জ্বল রোদেও স্ক্রিনের তথ্য সহজে দেখা যাবে। ডিসপ্লেতে রয়েছে ৬০ হার্টজ রিফ্রেশ রেট এবং প্রায় ৮২.৪ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও। বেজেলের পুরুত্ব মাত্র ১.৮ মিলিমিটার। ঘড়িটির অ্যালুমিনিয়ামের কেস দুটি রঙে পাওয়া যাবে অবসিডিয়ান ব্ল্যাক ও স্টেলার হোয়াইট।
শুধু সময় দেখা নয়, স্বাস্থ্য ও শরীরচর্চার বিভিন্ন তথ্যও নজরে রাখবে ভিভো ওয়াচ জিটি ২। এতে রয়েছে হার্ট রেট, রক্তে অক্সিজেনের মাত্রা, মানসিক চাপ, ঘুম এবং ঋতুচক্র পর্যবেক্ষণের সুবিধা। পাশাপাশি টেনিস, ব্যাডমিন্টন ও টেবিল টেনিসসহ বিভিন্ন খেলাধুলার কার্যক্রম ট্র্যাক করতে পারবে ঘড়িটি।
ঘড়িটিতে ব্যবহার করা হয়েছে ভিভোর নিজস্ব ব্লুওএস ৩.০ অপারেটিং সিস্টেম। অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সঙ্গে সংযুক্ত করে ব্যবহার করা যাবে স্মার্ট ভিউ ফিচার। এর মাধ্যমে খাবার ডেলিভারি, বিমানের অবস্থান কিংবা যাত্রাপথের নির্দেশনার মতো লাইভ আপডেট দেখা যাবে। রয়েছে শর্টকাট কার্ডস সুবিধাও, যেখানে প্রয়োজনীয় উইজেটগুলো দ্রুত ব্যবহার করা যাবে।
এছাড়া জরুরি পরিস্থিতির জন্য থাকছে ইমার্জেন্সি এসওএস অ্যাসিস্ট। সংস্থার দাবি, এই ফিচারের মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যেই নির্দিষ্ট জরুরি যোগাযোগের ব্যক্তির কাছে বার্তা পৌঁছানো সম্ভব হবে।
আরও পড়ুন : সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশের অবস্থান ৯৭
ভিভো ওয়াচ জিটি ২-এর সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর ব্যাটারি ব্যাকআপ। সংস্থার দাবি, পাওয়ার সেভিং মোডে ঘড়িটি সর্বোচ্চ ২৫ দিন পর্যন্ত চলতে পারবে। সাধারণ ব্যবহারে মিলবে প্রায় ১৪ দিনের ব্যাটারি ব্যাকআপ। অন্যদিকে, অলওয়েজ অন ডিসপ্লে চালু রাখলে একবার চার্জে প্রায় ১২ দিন ব্যবহার করা যাবে। ফলে ঘন ঘন চার্জ দেওয়ার ঝামেলা অনেকটাই কমবে।
The post একবার চার্জে ২৫ দিন পর্যন্ত চলবে ব্যাটারি, Vivo আনছে নতুন স্মার্টওয়াচ appeared first on ZoomBangla.