দীর্ঘদিন পর আবারও নাটকের জন্য গান গাইলেন সংগীতশিল্পী এস আই টুটুল। ‘তুমি ছাড়া’ শিরোনামের গানটি থাকছে নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন নাটক ‘প্রাণ সখিয়া’তে। এর কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীতায়োজন করেছেন সজিব দাস। নতুন এই গান প্রসঙ্গে এস আই টুটুল বলেন, ‘অনেকদিন পর নাটকের জন্য গান গাইলাম। এর কথা ও সুর আমার ভালো লেগেছে। কবির বকুলের লেখা বরাবরই আলাদা আবেদন তৈরি করে। সজিব দাস সুন্দর সংগীতায়োজন করেছেন। আশা করছি, গানটি শ্রোতাদের ভালো লাগবে।’ এস আই টুটুলকে দিয়ে গানটি গাওয়ানো প্রসঙ্গে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘নাটকের গল্প ও আবহের সঙ্গে গানটির বিশেষ সম্পর্ক রয়েছে। গানটির জন্য এমন একজন কণ্ঠশিল্পী চেয়েছিলাম, যার কণ্ঠে আবেগ ও দরদ ফুটে উঠবে। এস আই টুটুলের কণ্ঠ আমার কাছে সেই জায়গা থেকে উপযুক্ত মনে হয়েছে। তার গায়কিতে গানটি আরও প্রাণবন্ত হয়েছে।’ নাটকটির গল্পের আবহের সঙ্গে মিল রেখেই তৈরি হয়েছে ‘তুমি ছাড়া’। শিগগিরই ইউটিউবে সিনেমাওয়ালা মিউজিক চ্যানেলে গানটি প্রকাশ করা হবে। তবে ‘প্রাণ সখিয়া’য় কারা অভিনয় করবেন তাদের নাম এখনই প্রকাশ করছেন না নির্মাতা।
দীর্ঘদিন পর নাটকের গানে এস আই টুটুল
The Right to Talk | https://righttotalk.com/%e0%a6%a6%e0%a7%80%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%98%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%9f%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%8f/