২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)।
পুনর্নির্ধারিত তারিখ অনুযায়ী, ২৩ সেপ্টেম্বরের পরিবর্তে ২৪ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হচ্ছে।
এর আগে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি উচ্চমাধ্যমিক পর্যায়ের সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের পাঠানো চিঠিতে এ তথ্য জানায়।
চিঠিতে বলা হয়, একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৬ অনুযায়ী ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখ ২৩ সেপ্টেম্বর নির্ধারিত ছিল। তবে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ওই দিন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনের ছুটি থাকায় ক্লাস শুরুর তারিখ পুনর্নির্ধারণ করে ২৪ সেপ্টেম্বর করা হয়।
গত ১৬ সেপ্টেম্বর রাত ৮টায় একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির জন্য ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন শিক্ষার্থীকে নির্বাচিত করা হয়। ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম ধাপের ভর্তি কার্যক্রম চলে।
এদিকে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় দফায় অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে আগামী ২৭ সেপ্টেম্বর। আবেদন করা যাবে ২৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত।
নির্বাচিত শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চায়ন কার্যক্রম ফল প্রকাশের পর থেকে ৩ অক্টোবর রাত ৮টা পর্যন্ত চলবে। নির্বাচন নিশ্চায়ন না করলে শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।
পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ৪ অক্টোবর রাত ৮টায়। এরপর ৫ থেকে ৭ অক্টোবর পর্যন্ত দ্বিতীয় দফায় ভর্তি কার্যক্রম চলবে।
