ইসরাত মাঝেমধ্যে অসুস্থ থাকায় টিকা দিতে তার বাবা জাহিদ হোসেন নিষেধ করেছেন বলেও জানান সুমাইয়া আক্তার। টিকা না পাওয়া অনেক শিশু হামে আক্তান্ত হয়ে মারা যাচ্ছে—এটা জানেন কি না, এমন প্রশ্নের জবাবে এই নারী বলেন, ‘ভয় তো কিছুটা আছে। যেহেতু বাচ্চার বাবা না করতেছে, তাই এখন তো আর দিতে পারমু না। এখনো টিকা দিতে না করতাছে।’
শিশু আদিল হাসানের (৫) শরীরে চর্মরোগ থাকায় তাকে হামের টিকা দেননি বলে জানান শিশুটির মা হালিমা বেগম। তিনি বলেন, ‘ভাবছি, টিকা দিলে যদি আবার চুলকানি বেড়ে যায়। সে জন্য আর দেওয়া হয়নি।’ হামে শিশুদের মৃত্যু দেখে কোনো ভয় কাজ করছে কি না এমন প্রশ্নে তিনি বলেন, ‘না, তেমন ভয় নেই।’
টিকা নিয়ে তাঁদের এই ভুল ধারণায় উদ্বেগ প্রকাশ করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন। তিনি আজ প্রথম আলোকে বলেন, ‘টিকা নিয়ে সাধারণ মানুষের ভুল ধারণা থাকাটা স্বাভাবিক। কারণ, যে অভিভাবকেরা পত্রিকা পড়েন না, টেলিভিশন দেখেন না তাঁদের না জানাটা দোষের কিছু না। সরকারের দায়িত্ব হলো জনগণকে জানানো। এই সচেতনতা তৈরির জন্য শিক্ষক, সাংবাদিক, সমাজকর্মী, ধর্মীয় নেতাদের দিয়ে সরকারকে প্রচারণা চালাতে হবে।’




