
ঢাকা, ২৬ সেপ্টেম্বর- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ‘আমরা যদি মনে করি, ২০৩১ সাল পর্যন্ত, আগামী ভোট পর্যন্ত এই রাজপথ বিএনপি দখল করে রাখবে, আমরা তা-ই রাখতে পারব। সেই ক্ষমতা আছে।’
এনসিপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘বিএনপিকে হুমকি দেবেন না। বিএনপি কারও হুমকিকে পরোয়া করে না। আজকে আপনারা যেটা করছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশে নতুন করে আমন্ত্রণ জানানোর চেষ্টা করছেন।’
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নেতাদের উদ্দেশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘আপনাদের প্রতি তরুণ প্রজন্মের একটা আশা-আকাঙ্ক্ষা ছিল। তরুণ নেতৃত্ব দেশে একটা ভালো কিছু করবে—এমন প্রত্যাশা ছিল। এ জন্য আপনাদের দু-এক জায়গা থেকে নির্বাচিতও করেছে। কিন্তু আপনারা যে ভাষায় কথা বলেন, এটা রাজনৈতিক ভাষা নয়।’
তিনি বলেন, ‘রংপুর-বগুড়ার লংমার্চে, ঢাকা-চট্টগ্রামের লংমার্চে বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ এমপি এবং ওই যে আরেকটা কী পাটওয়ারী, এরা যে ভাষায় কথা বলে, বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় নেতা তারেক রহমানের ব্যাপারে ওই বয়সের বাচ্চাদের মুখ দিয়ে যখন শিষ্টাচারবহির্ভূত কথাবার্তা বের হয়। বিএনপির যাদের শরীরে এক ফোঁটা রক্ত আছে, তাদের এসব মন্তব্য সহ্য করার কথা নয়।’
তিনি বলেন, “আমাদেরকে ধৈর্য ধরতে বলা হয়েছে বলে, আমরা ধৈর্য ধরে আছি। আমরা যদি মনে করি, ২০৩১ পর্যন্ত এই রাজপথ বিএনপি দখল করে রাখবে, আমরা তাই রাখতে পারি। সেই ক্ষমতা আছে। বিএনপিকে হুমকি দেবেন না। বিএনপি কারও হুমকিতে পরোয়া করে না। আজকে আপনারা যেটা করছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশে নতুন করে আমন্ত্রণ জানানোর চেষ্টা করছেন।”
এস এম/ ২৬ সেপ্টেম্বর ২০২৬




