ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনাকে সামনে রেখে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সপ্তাহজুড়ে নানা কর্মসূচি নিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
আগামীকাল ২৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত শোভাযাত্রা, সাইকেল র্যালি, সুবিধাবঞ্চিত শিশুদের সিটি ট্যুর, পর্যটনসংশ্লিষ্ট অংশীজন ও বিদেশি কূটনীতিকদের সঙ্গে মতবিনিময়, প্রদর্শনী ও আলোচনা সভা হবে। এবারই প্রথম ১৩টি ক্যাটাগরিতে দেওয়া হবে বাংলাদেশ পর্যটন পুরস্কার।
আজ শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন করপোরেশন ভবনে এক সংবাদ সম্মেলনে বিশ্ব পর্যটন দিবসের কর্মসূচি তুলে ধরা হয়। প্রতিবছর ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস পালিত হয়। এবার দিবসটির প্রতিপাদ্য-‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’।
সংবাদ সম্মেলনে কর্মসূচি তুলে ধরেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা মুতাসিম বিল্লাহ ফারুকী। তিনি বলেন, ২৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।




