এনসিপির সাংগঠনিক কাঠামোতে আহ্বায়ক ও সদস্যসচিব এবং মুখ্য সমন্বয়ক, মুখ্য সংগঠক (২ জন), মুখপাত্র, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক (২ জন), জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব (২ জন) ও জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক—এই ১১টি পদ দলটির নেতৃত্বের ‘সুপার ইলেভেন’ হিসেবে পরিচিত। নতুন পরিকল্পনা অনুযায়ী, ‘সুপার ইলেভেনের’ পরিবর্তে এনসিপির শীর্ষ নেতৃত্বে থাকবেন ছয়জন, অর্থাৎ ‘সুপার ইলেভেন’ হচ্ছে ‘সুপার সিক্স’।
এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের তিনজন সদস্যের সঙ্গে কথা বলে দলের সাংগঠনিক কাঠামোতে পরিবর্তন আনার এই পরিকল্পনা সম্পর্কে জানা গেছে। তাঁদের মধ্যে দুজন জানান, পরিবর্তিত কাঠামোতে যে ছয়টি পদ থাকবে, সেগুলো হলো আহ্বায়ক, সদস্যসচিব, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক (২ জন) ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব (২ জন)।



