
কলকাতা, ২৮ জুন – বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের পর্যটন ভিসা পুনরায় চালু করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পশ্চিমবঙ্গের রাজনৈতিক নেতা দিলীপ ঘোষ। তার মতে এই পদক্ষেপের ফলে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উভয় পক্ষই অর্থনৈতিকভাবে লাভবান হবে।
দিলীপ ঘোষ এক বিবৃতিতে বলেন যে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের ব্যবসা বৃদ্ধি পাওয়া জরুরি। এতে দুই অঞ্চলের ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে।
তিনি দাবি করেন যে বাংলাদেশের বাজারে পশ্চিমবঙ্গের অনেক ব্যবসায়ীর বিপুল পরিমাণ অর্থ বকেয়া রয়েছে। তাই বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক হওয়া একান্ত প্রয়োজন। এছাড়া বাংলাদেশে শিল্প কারখানার সীমাবদ্ধতার কারণে পশ্চিমবঙ্গ থেকে চাল ডাল তেল লবণ কাপড় ও ফলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য রপ্তানি করা হয়। ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হলে এই রপ্তানি বাণিজ্যে আরও গতি সঞ্চার হবে।
উল্লেখ্য ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষিতে ভারত বাংলাদেশি নাগরিকদের জন্য পর্যটন ভিসা স্থগিত করেছিল। দীর্ঘ বিরতির পর আবারও পর্যটন ভিসার আবেদন গ্রহণ শুরু করার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এনএন/ ২৮ জুন ২০২৬





