মেগাস্টার শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘রকস্টার’ মুক্তি পেতে যাচ্ছে চরকিতে। ২২ জুলাই রাত ১২টা (২৩ জুলাই) থেকে চরকি অ্যাপ এবং সাইটে সিনেমাটি দেখতে পারবেন দর্শকরা। চরকি এক্সক্লুসিভ কনটেন্ট হিসেবে মুক্তি পেতে যাচ্ছে সেনসেশন প্রেজেন্টস ‘রকস্টার’।
সিনেমাটি পরিচালনা করেছেন আজমান রুশো। অঞ্জন চৌধুরী পিন্টু নিবেদিত সিনেমাটির প্রযোজনায় রয়েছে সান মোশন পিকচার্স লিমিটেড।
সিনেমাটির ওটিটি মুক্তি প্রসঙ্গে পরিচালক আজমান রুশো বলেন, ’সিনেমাটি প্রেক্ষাগৃহে ইতিমধ্যে অনেক দর্শক দেখেছেন, এবার ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে দেশ–বিদেশের দর্শকদের সিনেমাটি দেখার সুযোগ তৈরি হবে। চরকিতে মুক্তির মাধ্যমে সিনেমাটি অধিক সংখ্যক দর্শকদের কাছে পৌঁছাবে, নির্মাতা হিসেবে এইটাও চাওয়া।’
সিনেমার নির্বাহী প্রযোজক অজয় কুমার কুণ্ডু বলেন, ’নানা কারণে অনেকেই সিনেমা হলে ’রকস্টার’ দেখতে পারেননি। তারা এখন ঘরে বসে, সুবিধাজনক সময়ে সিনেমাটি দেখেত পারবেন। সেটা আমাদের সবার জন্যই আনন্দের। দর্শকরা চাইলেই এখন সিনেমায় তাদের পছন্দের মুহূর্তগুলো বার বার করে উপভোগ করতে পারবেন।’
ঈদুল আজহার সবচেয়ে আলোচিত এই সিনেমাটির টিজার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিব খানের বৈচিত্র্যময় লুক নেটিজেনদের মধ্যে উন্মাদনা তৈরি করে। একজন সংগীতশিল্পী হিসেবে শাকিব খানের উপস্থিতি তুমুল আগ্রহ তৈরি করেভক্ত-দর্শকদের মধ্যে। প্রেক্ষাগৃহের দর্শকরা সিনেমাটির বিভিন্ন দৃশ্য, শাকিব খানের অভিনয় এবং আগুন–আসলামের বন্ধুত্বের ঘটনাগুলোর প্রশংসা করেন।
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, “প্রেক্ষাগৃহ ও ওটিটির সমন্বিত প্রয়াস সিনেমা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে ভূমিকা রাখছে এবং কনটেন্টকে সর্বোচ্চ সংখ্যক দর্শকদের কাছে নিয়ে যেতে সাহায্য করছে। ভালো নির্মাণের সঙ্গে থাকার ধারাবাহিকতাতেই রকস্টার সিনেমাটির সঙ্গে চরকির যুক্ত হওয়া এবং আর কিছুদিন পরেই দেশ–বিদেশের দর্শকরা সিনেমাটি ঘরে বসেই দেখতে পারবেন। আশা করি দর্শকরা উপভোগ করবেন।”
সিনেমায় মীরা চরিত্রে সাবিলা নূর, একজন সুপার মডেলের চরিত্রে তানজিয়া জামান মিথিলা, সুনিধি চরিত্রে সুনিধি নায়েক, কয়েদি সংগীতশিল্পীর চরিত্রে পান্থ কানাই, উস্তাদ জুনায়েদ চরিত্রে তারিক আনাম খান, আগুনের মা শবনম চরিত্রে রোজী সিদ্দিকী, আগুনের দাদির চরিত্রে দিলারা জামান এবং আগুনের সহকারী–বন্ধু আসলাম চরিত্রে অভিনয় করেছেন কাজী সাবির।
চলচ্চিত্রটির গল্প ও নির্মাণশৈলী নিয়ে পরিচালক আজমান রুশো জানান, বাস্তব জীবনের রকস্টারদের অভিজ্ঞতা ও নিজের মিউজিশিয়ান জীবনের স্মৃতির মিশেলে তিনি এই গল্পটি তৈরি করেছেন। সিনেমায় শাকিব খানকে প্রথাগত অ্যাকশন হিরো বা গ্যাংস্টার লুকে নয়, বরং একজন সংগীতশিল্পীর জীবন সংগ্রাম ও উত্থান-পতনের বাস্তব চরিত্রে দেখা গেছে। এ চরিত্রের জন্য তিনি নিজের ওজন কমিয়েছিলেন।
নুসরাত মাটির চিত্রনাট্য এবং আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়ার সংলাপে নির্মিত এই সিনেমায় রয়েছে বেশ কিছু গান। সিনেমার সবকটি গানের কথা ও সুর করেছেন আহমেদ হাসান সানি, যিনি নিজেও কণ্ঠ দিয়েছেন। সংগীত পরিচালনায় আছেন জাহিদ নিরব।





