এসএ২০ লিগে সানরাইজার্স ইস্টার্ন কেপে ডাক পেলেন রিশাদ হোসেন – DesheBideshe

এসএ২০ লিগে সানরাইজার্স ইস্টার্ন কেপে ডাক পেলেন রিশাদ হোসেন – DesheBideshe


এসএ২০ লিগে সানরাইজার্স ইস্টার্ন কেপে ডাক পেলেন রিশাদ হোসেন – DesheBideshe

ঢাকা, ৫ আগস্ট – দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি টুয়েন্টি টুর্নামেন্ট এসএ২০ এর বর্তমান চ্যাম্পিয়ন সানরাইজার্স ইস্টার্ন কেপ আসন্ন মৌসুমের আগে শক্তিশালী দল গঠন করেছে। প্রথমবারের মতো এই টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশের লেগ স্পিনিং অলরাউন্ডার রিশাদ হোসেন। তার পাশাপাশি অস্ট্রেলীয় অলরাউন্ডার মিচেল মার্শকেও দলে অন্তর্ভুক্ত করেছে তিনবারের শিরোপাজয়ী এই ফ্র্যাঞ্চাইজিটি।

রিশাদ হোসেন এর আগে অন্যান্য বিদেশি লিগে অংশ নিলেও দক্ষিণ আফ্রিকার টুর্নামেন্টে এটিই তার প্রথম ডাক। তিনি আফগান স্পিনার এএম গাজানফারের পরিবর্তে স্কোয়াডে যুক্ত হয়েছেন।

সানরাইজার্সের বর্তমান স্কোয়াডে দক্ষিণ আফ্রিকার তারকা পেসার মার্কো জানসেন ও আনরিখ নরকিয়া ছাড়াও রয়েছেন কুইন্টন ডি কক এবং ট্রিস্টান স্টাবস। এছাড়া নিউজিল্যান্ডের গতি তারকা অ্যাডাম মিলনেও এই দলের অন্যতম সদস্য।

আগামী ১৭ জানুয়ারি থেকে এসএ২০ এর পঞ্চম আসর শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে খেলোয়াড়দের মিনি নিলাম। প্রতিটি দলে সর্বোচ্চ সাতজন বিদেশি ক্রিকেটার এবং অন্তত দুইজন অনূর্ধ্ব ২৩ খেলোয়াড় রাখার বাধ্যবাধকতা রয়েছে।

সানরাইজার্স কর্তৃপক্ষ মার্শ ও রিশাদকে দলে নেওয়ার পাশাপাশি ক্রিস উড ও থারিন্দু রত্নায়েকের মতো খেলোয়াড়দের স্কোয়াড থেকে বাদ দিয়েছে।

এনএন/ ৫ আগস্ট ২০২৬