LATEST
Auckland bus driver on toilet struggles, passenger abuse and joy of the job বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা হরমুজ প্রণালিতে অচলাবস্থা: কয়েক দশক পর সিরিয়ার মরুপথে তেল রপ্তানি শুরু করল ইরাক ধানমণ্ডিতে ছাত্রদল নেতাকর্মীদের মারধর: বারের ব্যবস্থাপক-বাউন্সারসহ ১১ জন কারাগারে Microsoft outage: ‘Improvements’ for Outlook and other services around globe ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, কমিটি হচ্ছে কবে Kiwis v Kangaroos: Briton Nikora – from a scaffolding job to the Rugby League World Cup final পাখায় জুড়লেই মিলবে বিশুদ্ধ বাতাস, এয়ার পিউরিফায়ার বানাল দুই স্কুল পড়ুয়া
Top News

এ জে আর কুরিয়ারের গাড়ি দেখলেই হামলা, কারা করছে, কেন ধরতে পারছে না পুলিশ

এ জে আর কুরিয়ারের গাড়ি দেখলেই হামলা, কারা করছে, কেন ধরতে পারছে না পুলিশ

এ জে আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসেস লিমিটেডের গুদাম ও মূল সরবরাহ কেন্দ্র রাজধানীর হাজারীবাগে। গ্রাহকের কাছ থেকে পণ্য এনে শুরুতে সেখানেই রাখা হয়। পরে গাড়িতে করে পৌঁছানো হয় সারা দেশে। তবে গত তিন সপ্তাহ ধরে কুরিয়ার সার্ভিসটির গাড়ি দেখলেই হামলা হচ্ছে।

গত ২৪ দিনে (২০ অক্টোবর থেকে ১২ নভেম্বর) রাজধানী ও আশপাশের বিভিন্ন এলাকায় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়সহ বিভিন্ন স্থাপনা, পরিবহন ও কর্মীদের ওপরে অন্তত ১৯ বার হামলা হয়েছে। কখনো চলন্ত গাড়িতে ইট ছুড়ে ভাঙা হচ্ছে কাচ, কখনো মোটরসাইকেলে এসে পথ আটকে চালককে মারধর করা হচ্ছে। কোথাও পেট্রল বোমা ও ককটেল নিক্ষেপ করে গাড়িতে আগুন দেওয়ার চেষ্টা চলছে। এসব হামলায় তাদের ছয়জন চালক ও কর্মী আহত হয়েছেন। পুড়েছে বহু গ্রাহকের পণ্যও।

সর্বশেষ গতকাল বৃহস্পতিবার তিন স্থানে হামলার শিকার হয় এ জে আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসেস লিমিটেডের তিনটি গাড়ি। ভোরে হামলার শিকার হয় এ জে আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসেস লিমিটেডের একটি কাভার্ড ভ্যান। রাত সাড়ে আটটায় দক্ষিণ যাত্রাবাড়ীতে আরেকটি গাড়িতে হামলা করা হয়। রাত ৯টা ২০ মিনিটের দিকে কেরানীগঞ্জে প্রতিষ্ঠানটির কার্যালয়ের সামনে পার্কিং করা অবস্থায় আরেকটি গাড়ি হামলার শিকার হয়।

তিনটি ঘটনাতেই কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। কারা হামলা করেছে, সেটিও শনাক্ত করতে পারেনি তারা। একইভাবে আগের হামলাগুলোতেও জড়িত কেউ গ্রেপ্তার হননি।

এ জে আর কুরিয়ারের পক্ষ থেকে হামলা ও হুমকির ঘটনায় বিভিন্ন থানায় এখন পর্যন্ত ৭টি মামলা, ৪টি জিডি ও ৪টি অভিযোগ করা হয়েছে। তবে হামলা বন্ধ হয়নি। ফলে এই হামলাগুলো নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। একের পর এক হামলা এবং অনেকগুলো ঘটনার সিসিটিভি ফুটেজ থাকার পরেও কেন তাঁরা গ্রেপ্তার হচ্ছেন না, তা নিয়েও তৈরি হয়েছে রহস্য।

গতকালের হামলা শুরু হয় হাজারীবাগ থানা থেকে। এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন শুক্রবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবারের ঘটনায় হামলাকারীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। তবে এখনো মোটরসাইকেলের নম্বরটি স্পষ্ট পাওয়া যায়নি। অন্য ঘটনাগুলোতে জড়িত ব্যক্তিদের ধরতেও চেষ্টা করছেন, তবে হামলাকারীদের পাওয়া যাচ্ছে না বলেও উল্লেখ করেন ওসি।

এদিকে ক্রমাগত হামলার কারণে পণ্য নিয়ে সড়কে বের হলেই আতঙ্কে থাকতে হচ্ছে এ জে আর কুরিয়ারের চালকদের। ব্যবসা বন্ধের আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত পাঁচ হাজার কর্মীর চাকরিতেও ঝুঁকি তৈরি হয়েছে।

এক দিনে কীভাবে তিন হামলা হলো

এ জে আর কুরিয়ার সার্ভিসেস জানায়, গতকাল ভোরে একটি গাড়ি তাদের গুদামের কাছাকাছি হাজারীবাগের শাহজাহান মার্কেটের সামনে রাখা হয়। গাড়িটির চালক ও তার সহকারী গাড়ি থেকে নেমে কিছুটা দূরে গেলে দুই ব্যক্তি মোটরসাইকেলযোগে সেখানে আসে। তারা ভ্যানের কেবিনে ককটেল নিক্ষেপ করে।

হামলায় গাড়িটির কেবিনের গ্লাস ভেঙে যায় এবং পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। পরে নিরাপত্তাকর্মী ও পুলিশের ধাওয়ায় তারা পালিয়ে যায়। এ ঘটনায় সেদিন রাতেই হাজারীবাগ থানায় একটি মামলা হয়েছে।

দ্বিতীয় হামলার বিষয়ে প্রতিষ্ঠানটি জানায়, অফিসের সামনে মেইন রোডে গাড়ি পার্কিং করে ড্রাইভার সজীব কেবিনের ভেতরে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় সন্ত্রাসীরা একটি মোটরসাইকেলযোগে বেপরোয়া গতিতে এসে হেলমেট দিয়ে মেইন গ্লাস ভেঙে দেয়। ড্রাইভার সজীব প্রাণ বাঁচাতে কাভার্ড ভ্যান থেকে নেমে এলে সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এরপর রাত ৯টা ২০ মিনিটের দিকে কেরানীগঞ্জে কুরিয়ার সার্ভিসটির নিজস্ব অফিসের সামনে গাড়ি পার্কিং করে চালক মামুন অফিসের ভেতরে অবস্থান করছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি হামলা চালায়। এতে ভ্যানটির কেবিনের কাচ ভেঙে যায়।

এ জে আর কুরিয়ারের সহকারী মহাব্যবস্থাপক জয়ন্ত চৌধুরী শুক্রবার প্রথম আলোকে জানান, হামলাকারীরা নিজেদের শীর্ষ সন্ত্রাসী ইমনের লোক পরিচয় দিয়ে চাঁদা দাবি করছে। সাইফুল ও জুয়েল নামের দুজনের সম্পৃক্ততার বিষয়েও পুলিশকে জানানো হয়েছে। তবে প্রথম হামলার পরের ঘটনাগুলোতে এখনো কেউ গ্রেপ্তার হয়নি।

২৪ দিনে অন্তত ১৯ হামলা

গত ২০ অক্টোবর হাজারীবাগে এ জে আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসেসের প্রধান ওয়্যারহাউসে হামলার মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির ওপর ধারাবাহিক আক্রমণ শুরু হয়। প্রতিষ্ঠানটির অভিযোগ, ৩৫ থেকে ৪০টি মোটরসাইকেলে ৭০ থেকে ৮০ জন সশস্ত্র ব্যক্তি সেখানে গিয়ে ভাঙচুর ও লুটপাট করেন। তাঁরা নিজেদের সন্ত্রাসী ইমনের লোক পরিচয় দিয়ে জায়গার ভাড়া হিসেবে চাঁদা দাবি করেন।

কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানটি বলছে, প্রথম হামলার সময় সিসিটিভি ক্যামেরা, এনভিআর ও ল্যাপটপসহ প্রায় ৩১ লাখ টাকার মালামাল লুট করা হয়। এ ঘটনায় হাজারীবাগ থানায় মামলা হয়। মামলার বাদীকে পরে ফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করা হলেও নির্দেশদাতা কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এরপর থেকে গতকাল পর্যন্ত আরও ১৮টি হামলা ও মারধরের ঘটনা ঘটেছে।

তবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দাবি, প্রতিটি বিষয় গুরুত্বের সঙ্গে দেখে এবং তদন্ত করছে। ডিএমপির মুখপাত্র উপকমিশনার মো. আকতার হোসেন আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, কুরিয়ার সার্ভিসে হামলার ঘটনায় কিছু আসামি গ্রেপ্তার হয়েছে। পুলিশের পক্ষ থেকে অবহেলার কোনো সুযোগ নেই।

সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ীরা বলছেন, হামলা বন্ধ না হলে প্রতিষ্ঠানটির ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হবে। আর সেটি হলে কুরিয়ারে কর্মরত কর্মী এবং তাঁদের পরিবারের কয়েক হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হবেন। পাশাপাশি যেসব গ্রাহক সার্ভিসটি ব্যবহার করেন, তাঁরাও ভোগান্তিতে পড়বেন।

কুরিয়ার সার্ভিসেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি হাফিজুর রহমান পুলক প্রথম আলোকে বলেন, একটি কুরিয়ার সেবা প্রতিষ্ঠান দাঁড় করানো অত্যন্ত কষ্টকর। নিয়মিত কর দেওয়া, বিপণন করা এবং পণ্য হারালে বা ক্ষতিগ্রস্ত হলে তার ক্ষতিপূরণ দিতে হয়। কেন এসব ঘটনা ঘটছে, তা খতিয়ে দেখা প্রয়োজন।

More in Top News

View all

Latest news