বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার জনপ্রিয় সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’ মুক্তির প্রায় ২৭ বছর পর নতুন রূপে ফিরছে পর্দায়। ‘আবার হঠাৎ বৃষ্টি’ নামে নির্মিত এই রিমেকে জুটি বেঁধেছেন নবীন অভিনয়শিল্পী আরিয়ান সারোয়ার ও রাদিফা নারমিন। ছবিটি পরিচালনা করেছেন কামরুজ্জামান।
এই ছবির গল্পে দেখা যাবে-দীপা, একজন শিক্ষিত বেকার নারী। ব্রাহ্মণবাড়িয়াতে তার বোন এবং দুলাভাইয়ের সাথে থাকে। চাকরির সন্ধানে দীপা ঢাকায় তার বান্ধবী সামিনার বাসায় উঠে। বেশ কয়েকটি সাক্ষাৎকারের পরেও কোন চাকরি না পেয়ে সে ব্রাহ্মণবাড়িয়াতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ফিরে যাওয়ার সময় ট্রেনে তার ব্যাগ চুরি হয়।
এদিকে অঞ্জন নামের এক যুবক ট্রেনে শ্রীমঙ্গল যাচ্ছিলো চাকরির পোস্টিং নিয়ে। ঐ ট্রেনেই ফেলে যাওয়া দীপার ব্যাগটি অঞ্জন পায়। অনাথ অঞ্জনের শখ-লোকের নাম, জন্মদিন, ঠিকানা সংগ্রহ করে তাদেরকে জন্মদিনের কার্ড পাঠানো। অঞ্জন ট্রেনে খুঁজে পাওয়া ব্যাগটি দীপার ঠিকানায় ফেরত পাঠায়। দীপা ব্যাগটি পেয়ে খুশি হয়, ধন্যবাদ জানিয়ে চিঠি দেয়। এভাবেই তাদের মধ্যে চিঠির আদান প্রদান চলতে থাকে। একসময় তারা কেউ কাউকে না দেখেই একে অপরের প্রেমে পড়ে যায়। এরপর গল্প এগিয়ে যেতে থাকে।
‘হঠাৎ বৃষ্টি’ বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার অন্যতম সফল সিনেমাগুলোর একটি। মূল ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছিল বাংলাদেশের আশীর্বাদ চলচ্চিত্র ও ভারতের গ্রামকো ফিল্মস। আর নতুন রিমেক ‘আবার হঠাৎ বৃষ্টি’ প্রযোজনা করেছে আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্ম।




