কবে মুক্তি পাচ্ছে যশের ‘টক্সিক’-এর ট্রেলার? | চ্যানেল আই অনলাইন

কবে মুক্তি পাচ্ছে যশের ‘টক্সিক’-এর ট্রেলার? | চ্যানেল আই অনলাইন

‘কেজিএফ’ খ্যাত কন্নড় সুপারস্টার যশ-এর বহুপ্রতীক্ষিত মেগা অ্যাকশন ড্রামা ‘টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ নিয়ে উন্মাদনা তুঙ্গে। সম্প্রতি ছবিটির প্রথম ট্রেলার মুক্তির চূড়ান্ত তারিখ ঘোষণা করেছেন নির্মাতারা।

৮ আগস্ট প্রকাশ্যে আসতে চলেছে ট্রেলার। তারিখ ঘোষণার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে যশের একটি দুর্ধর্ষ পোস্টার, যা মুহূর্তের ভাইরাল হয়ে গেছে।

শনিবার (১ আগস্ট) সোশ্যাল মিডিয়ায় ছবির নতুন একটি ভিজ্যুয়াল পোস্টার শেয়ার করেন যশ। সাদা-কালো এই পোস্টারে বৃষ্টির মধ্যে যশের এক একাকী ও হিংস্র গ্যাংস্টার রূপ ফুটে উঠেছে। মেশিনগান হাতে এবং শান্ত ভঙ্গিতে মুখে সিগার ধরে রাখা যশের এই ‘বস’ অবতার ভক্তদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে।

আগের টিজারগুলিতে ছবির আভিজাত্য ও স্টাইলিশ অ্যাকশন দেখানো হলেও, আগামী ৮ আগস্টের ট্রেলারে সিনেমার মূল গল্প এবং চরিত্রের নেপথ্যে থাকা আবেগের জায়গাটি সামনে আনা হতে পারে। নির্মাতারা দাবি করছেন, এটি সাধারণ কোন গ্যাংস্টারের গল্প নয় বরং অ্যাকশনের পাশাপাশি মানবিক সম্পর্কের ছোঁয়াও রয়েছে।

গীতু মোহনদাস পরিচালিত এই বিগ বাজেট প্রজেক্টে যশের পাশাপাশি রয়েছেন দক্ষিণী ও বলিউডের একাধিক প্রথম সারির অভিনেত্রী নয়নতারা, কিয়ারা আদবাণী, রুক্মিণী বসন্ত, তারা সুতারিয়া এবং হুমা কুরেশি।

সম্প্রতি নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ছবিতে ‘রাবণ’ হিসেবে যশের প্রথম লুক নিয়ে তোলপাড় হয়েছিল নেটপাড়া। এর পরেই ‘টক্সিক’-এর এই অবতার প্রমাণ করে দিয়েছে যে কন্নড় সুপারস্টার এখন তার ক্যারিয়ারের শ্রেষ্ঠ সময় উপভোগ করছেন।চলতি বছরের ২৬ আগস্ট বড়পর্দায় বিশ্ব জুড়ে মুক্তি পেতে চলেছে এই সিনেমাটি।