মুক্তিযুদ্ধ জাদুঘরে দুই মহীয়সীর সংগ্রামের বীরগাথা | চ্যানেল আই অনলাইন

মুক্তিযুদ্ধ জাদুঘরে দুই মহীয়সীর সংগ্রামের বীরগাথা | চ্যানেল আই অনলাইন

বাংলাদেশের মুক্তিসংগ্রাম, নারী জাগরণ ও মানবিক মূল্যবোধের ইতিহাসে কবি বেগম সুফিয়া কামাল এবং শহীদজননী জাহানারা ইমামের অবদান অনন্য। তাঁদের জীবন, সংগ্রাম ও আদর্শকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে শুক্রবার (৩১ জুলাই) বিকেলে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত হয় বিশেষ স্মরণানুষ্ঠান।

মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে কাব্য, সংগীত, নৃত্য ও জীবনালেখ্য কথনের সমন্বয়ে পরিবেশিত হয় বিশেষ স্মরণালেখ্য ‘তাঁদের সংগ্রামের বীরগাথা’। একই সঙ্গে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দুই মহীয়সীর প্রতি জানানো হয় গভীর শ্রদ্ধা।

অনুষ্ঠানে সমবেত কণ্ঠে পরিবেশিত হয় রবীন্দ্রসংগীত ‘আমার মুক্তি আলোয় আলোয়’ ও ‘আজি বাংলাদেশের হৃদয় হতে’ এবং গণসংগীত ‘জনতার সংগ্রাম চলবেই’। এছাড়া সুফিয়া কামাল ও জাহানারা ইমামের রচনা থেকে পাঠ, আবৃত্তি এবং সংগীত-নৃত্যের মাধ্যমে বাঙালির মুক্তিসংগ্রাম, নারী জাগরণ ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় তাঁদের অসামান্য অবদানের নানা দিক তুলে ধরা হয়।

স্বাগত বক্তব্যে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারা যাকের বলেন, সুফিয়া কামাল ও জাহানারা ইমাম বাংলাদেশের ইতিহাসের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছেন।

মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ, মুক্তিযুদ্ধের চেতনা লালন এবং মানবিক ও প্রগতিশীল বাংলাদেশ গঠনে তাঁদের অবদান অনন্য। তাঁদের জীবন ও আদর্শ বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

অনুষ্ঠানে সুফিয়া কামালের রচনা থেকে পাঠ করেন সানজিদা সোহেলী এবং জাহানারা ইমামের রচনা থেকে পাঠ করেন সুপ্রভা সেবন্তী। আবৃত্তি করেন তাপস হাওলাদার ও ইমরুন নাহার ইমু। সংগীত পরিবেশন করেন মহুয়া মঞ্জরী সুনন্দা, পূরবী দে সেমন্তী, অর্ণব বড়ুয়া ও মইনুর রহমান খান। নৃত্য পরিবেশন করেন সুদেষ্ণা স্বয়ংপ্রভা।