
চলতি বছরের ১৭ মে রাত ১০টা ২০ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল আয়েশা আক্তারের দীর্ঘ এক যুগের লড়াই আর সাফল্যের গল্প নিয়ে নির্মিত হওয়া ২৪ মিনিট ২০ সেকেন্ড দৈর্ঘ্যের বিশেষ প্রামাণ্য তথ্যচিত্র ‘পায়ের ছাপ’। যা প্রচারিত হওয়ার পর ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছিল। সেই তথ্যচিত্রই এবার সেরা ডকুফিল্মের অ্যাওয়ার্ড পেয়েছে কলকাতার স্বামী বিবেকআনন্দ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে।
চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি ও এই ডকুফিল্ম পরিচালক মোস্তফা মল্লিক জানান, আগামী ১২ সেপ্টেম্বর কলকাতার স্বামী বিবেকআনন্দ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা ডকুফিল্মের অ্যাওয়ার্ড তুলে দেওয়া হবে বিশেষ প্রামাণ্য তথ্যচিত্র ‘পায়ের ছাপ’কে। এর আগে ৪-১১ সেপ্টেম্বর কলকাতার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রদর্শিত হবে আয়েশা আক্তারের জীবনের সংগ্রাম নিয়ে নির্মিত বিশেষ প্রামাণ্য তথ্যচিত্র ‘পায়ের ছাপ’। তবে ৮ সেপ্টেম্বর কলকাতার বিবেকআনন্দ কলেজে শুধু মাত্র এই ডকুফিল্মটির প্রদর্শনী নিয়েই কাজ হবে।
কিন্তু কে এই আয়েশা জানেন কি?
গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়াহাট গ্রামের এক তরুণী আয়েশা আক্তার। জন্ম থেকেই যার দুটি হাত নেই, সমাজ যাকে অবহেলা করেছে আর অভাবের তাড়নায় বাবা একসময় যাকে অভাবের তাড়নায় বাবা একসময় যাকে সার্কাসে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই আয়েশা আক্তার আজ বাংলাদেশের অদম্য ইচ্ছাশক্তির এক অনন্য প্রতীক। সেই তরুণীই সব বাধা জয় করে পা দিয়ে লিখে সদ্য মাস্টার্স পরীক্ষায় প্রথম বিভাগ (ফার্স্ট ক্লাস) অর্জন করেছেন।
আয়েশার সেই দীর্ঘ এক যুগের লড়াই আর সাফল্যের গল্প নিয়ে নির্মিত হওয়া বিশেষ প্রামাণ্য তথ্যচিত্র ‘পায়ের ছাপ’। যার প্রযোজনায় রয়েছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর এবং এর পরিকল্পনা ও পরিচালনা করেছেন চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মোস্তফা মল্লিক।
চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি ও এই ডকুফিল্ম পরিচালক মোস্তফা মল্লিক বলেন, বিগত এক যুগেরও বেশি সময় ধরে আমি আয়েশাকে ফলো করেছি, তার প্রতিদিনের সংগ্রাম দেখেছি। চ্যানেল আই আমাকে এই বায়োডকুমেন্টারিটি তৈরি করার জন্য পূর্ণ স্বাধীনতা ও সুযোগ দিয়েছে। আয়েশা প্রমাণ করেছে, জীবনকে জয় করতে হাত লাগে না, অটল ইচ্ছাশক্তিই যথেষ্ট।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

