
সামনে শক্তিশালী প্রতিপক্ষ, র্যাঙ্কিংয়েও অনেক এগিয়ে দেশগুলো। তবে তাতে ভয় পাওয়ার কিছু দেখছেন না বাংলাদেশ দলের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী। নিজেদের সামর্থ্যের ওপর আস্থা রেখেই ফিফা আসিয়ান কাপ খেলতে এসেছে বাংলাদেশ। জাকার্তায় দলের অনুশীলনে যোগ দিয়ে এমন আত্মবিশ্বাসের কথাই শোনালেন হামজা।
ফিফা আসিয়ান কাপ সামনে রেখে ইন্দোনেশিয়ার জাকার্তায় প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। দলের সঙ্গে যোগ দিয়েছেন হামজাসহ প্রবাসী ফুটবলাররা। অনুশীলনের এক ফাঁকে আসন্ন টুর্নামেন্ট নিয়ে কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।
উচ্চ র্যাঙ্কিংয়ের দলগুলোর বিপক্ষে খেলার সুযোগটিকে বড় অভিজ্ঞতা হিসেবে দেখছেন হামজা। তার মতে, এই টুর্নামেন্টে বাংলাদেশের মূল লক্ষ্য যতটা সম্ভব বেশি পয়েন্ট সংগ্রহ করা।
হামজা বলেন, ‘আমরা এই টুর্নামেন্টে অংশ নিতে পেরে খুবই রোমাঞ্চিত এবং সম্মানিত বোধ করছি। এটি অবশ্যই আমাদের চেয়ে উঁচু র্যাঙ্কিংয়ের দলগুলোর বিপক্ষে খেলার বড় একটি সুযোগ। তাই আমাদের অভ্যন্তরীণ লক্ষ্য হলো যতটা সম্ভব বেশি পয়েন্ট অর্জন করা।’
তবে কঠিন প্রতিপক্ষের সামনে নিজেদের ছোট করে দেখতে নারাজ হামজা। বরং নিজেদের সামর্থ্যের ওপর বিশ্বাস রাখার বার্তাই দিয়েছেন তিনি। বলেছেন, ‘আপনারা জানেন, আমরা এখানে কাউকে ভয় পেতে আসিনি। আমরা আমাদের সামর্থ্য সম্পর্কে জানি। তবে ইনশাআল্লাহ, এটি আমাদের জন্য শেখার একটি পথও। আমরা এখানে যতটা সম্ভব অভিজ্ঞতা অর্জন করতে এসেছি, যাতে আমাদের দেশকে সম্মানিত ও গর্বিত করতে পারি।’
জাকার্তায় এসে স্থানীয় মানুষের আতিথেয়তা ও দলের জন্য থাকা সুযোগ-সুবিধাতেও মুগ্ধ বাংলাদেশি এই মিডফিল্ডার। শুক্রবারের ম্যাচের জন্যও মুখিয়ে আছেন তিনি। বলেছেন, ‘অসাধারণ। সত্যি বলতে, আমি ঠিক যেমনটা আশা করেছিলাম, তেমনই। খুবই বন্ধুত্বপূর্ণ মানুষ, খুবই দয়ালু মানুষ। এখানকার ফুটবলের প্রতি আগ্রহ অনেক বেশি এবং সুযোগ-সুবিধাগুলোও খুবই চমৎকার ছিল। তাই হ্যাঁ, আমি শুক্রবারের ম্যাচ খেলার জন্য মুখিয়ে আছি। দেখা যাক, আমরা কেমন করি।’
বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ মালয়েশিয়া। ২৫ তারিখ তাদের মুখোমুখি হবে বাংলাদেশ। ১ অক্টোবর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ইন্দোনেশিয়ার। স্বাগতিকদের অবশ্য যথেষ্ট সমীহ করছেন তিনি। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার পাশাপাশি দলটির খেলোয়াড় ও কোচিং স্টাফের প্রশংসা করেছেন হামজা। বলেছেন, ‘আমার মনে হয় তারা র্যাঙ্কিংয়ে বেশ ভালো অবস্থানে আছে। তাদের দলে খুব ভালো মানের খেলোয়াড় রয়েছে। তাদের একজন খুব দক্ষ হেড কোচও আছেন।’
‘বিশেষ করে আগামী বিশ্বকাপ বাছাইপর্বে তারা যদি বিশ্বকাপের পথে প্রতিদ্বন্দ্বিতায় না থাকে, তাহলে আমি সত্যিই অবাক হবো। আমার মনে হয়, একটি দেশ হিসেবে আপনারা ফুটবলের ওপর অনেক জোর দিচ্ছেন। আর হ্যাঁ, তাদের খুব ভালো একটি দল রয়েছে।’
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

