LATEST
সহিংসতার শঙ্কায় বাগেরহাট থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ ইউপি নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রস্তুত ইসি ‘হনুমান অংশ’ থেকে ‘টাইটান স্টোরি’, আইএফএফআইতে পুরস্কৃত যারা দ্বিতীয় পদ্মা সেতু ও চার লেন সড়কে বদলে যাবে পাবনার যোগাযোগব্যবস্থা Black Caps v India: The opposition batter that could have cost New Zealand this series – Opinion ১৬ ডিসেম্বর ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিলেন শেখ হাসিনা: রাশেদ খাঁন ডিসেম্বরের শুরুতেই কমতে পারে তাপমাত্রা, বাড়বে শীতের প্রভাব মৃত্যুর দুইশ বছর পরও শ্রদ্ধার এক নাম দানবীর হাজী মুহম্মদ মুহসীন
Top News

কুইবেকে সরকারি চাকরিতে হিজাব-পাগড়ি পরার নিষেধাজ্ঞার পক্ষে সুপ্রিম কোর্টের রায়

কুইবেকে সরকারি চাকরিতে হিজাব-পাগড়ি পরার নিষেধাজ্ঞার পক্ষে সুপ্রিম কোর্টের রায়

কানাডার কুইবেক প্রদেশে হিজাব-পাগড়ি পরে নির্দিষ্ট কিছু সরকারি চাকরি করা যাবে কি না, তা নিয়ে সাত বছর ধরে চলেছে আইনি লড়াই। রাজনীতির মাঠ থেকে আদালত পর্যন্ত গড়িয়েছে বিতর্ক। ধর্মীয় স্বাধীনতা ও নাগরিক অধিকারের প্রশ্নে বিভক্ত হয়ে পড়েছেন রাজনীতিক, আইনজ্ঞ ও মানবাধিকারকর্মীরা। অবশেষে শুক্রবার ২৭ নভেম্বর বহুল প্রতীক্ষিত রায় ঘোষণা করলেন কানাডার সুপ্রিম কোর্ট। সরকারি স্কুলের শিক্ষক, পুলিশ কর্মকর্তাসহ নির্দিষ্ট কিছু সরকারি পেশায় ধর্মীয় প্রতীক পরার নিষেধাজ্ঞা বহাল রাখলেন দেশের সর্বোচ্চ আদালত। রায় ঘোষণার পরপরই কানাডার বিভিন্ন প্রদেশ থেকে আসতে শুরু করেছে পক্ষে-বিপক্ষে প্রতিক্রিয়া। নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির রাজনৈতিক অঙ্গন।

সাত বিচারপতির বেঞ্চে একাধিক বিষয়ে মতবিরোধ থাকলেও ছয়জনই কুইবেক সরকারের বিশেষ সাংবিধানিক ক্ষমতার ব্যবহারকে বৈধ বলে রায় দিয়েছেন। কানাডার নাগরিক অধিকার সনদের ৩৩ নম্বর ধারায় সরকারকে এই বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। এর ফলে ২০১৯ সালে পাস হওয়া বিল ২১ (Bill 21) নামে পরিচিত ধর্মনিরপেক্ষতা আইনের মূল বিধানগুলো বহাল থাকছে। কানাডার সাংবিধানিক ইতিহাসে সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

২০১৯ সালে কুইবেকের তৎকালীন প্রিমিয়ার ফ্রাঁসোয়া লেগোর সরকার রাষ্ট্রের ধর্মনিরপেক্ষতা নিশ্চিত করার লক্ষ্যে বিল ২১ পাস করে। এই আইনে সরকারি স্কুলের শিক্ষক, পুলিশ কর্মকর্তা, বিচারক ও সরকারি আইনজীবীসহ নির্দিষ্ট কিছু পেশায় দায়িত্ব পালনকালে ধর্মীয় প্রতীক পরা নিষিদ্ধ করা হয়। মুসলিম নারীদের হিজাব, শিখদের পাগড়ি, ইহুদিদের ধর্মীয় টুপি কিপ্পা এবং খ্রিষ্টানদের দৃশ্যমান ক্রুশচিহ্নসহ সব ধর্মের প্রতীকই এই নিষেধাজ্ঞার আওতায় পড়ে। আইনটি পাস হওয়ার পরপরই কুইবেকের বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় ও মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়। আইনটির সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে মামলা দায়ের করা হয়।

কুইবেক সরকারের যুক্তি, রাষ্ট্র ও ধর্মকে আলাদা রাখতে হলে সরকারি প্রতিষ্ঠানগুলোতে ধর্মীয় নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। সরকারের প্রতিনিধিত্বকারী ব্যক্তিদের পোশাকে কোনো বিশেষ ধর্মের পরিচয় প্রকাশ পাওয়া উচিত নয়। অন্যদিকে আইনটির বিরোধীদের বক্তব্য, একজন শিক্ষকের মাথায় হিজাব কিংবা একজন পুলিশ কর্মকর্তার মাথায় পাগড়ি থাকলে তাঁর পেশাগত দায়িত্ব পালনে কী অসুবিধা হয়? তাঁদের মতে, একজন মানুষের যোগ্যতা ও কর্মদক্ষতাই সরকারি চাকরি পাওয়ার মাপকাঠি হওয়া উচিত, তাঁর ধর্মীয় বিশ্বাস কিংবা পোশাক নয়। বিশেষ করে এই আইনের কারণে হিজাব পরা মুসলিম নারীরা শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও সরকারি স্কুলে শিক্ষকতার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

শুক্রবারের রায়ে প্রধান বিচারপতি রিচার্ড ওয়াগনার বলেন, রাষ্ট্রের ধর্মনিরপেক্ষতা বজায় রাখার ব্যাপারে কুইবেকের দীর্ঘদিনের অঙ্গীকার রয়েছে। বিল ২১ সেই অঙ্গীকারের ভিত্তিতেই প্রণীত হয়েছে। অন্যদিকে বিচারপতি শিলা মার্টিন মনে করেন, এই আইন একজন নারীর ধর্মীয় বিশ্বাস মেনে চলা, স্বাধীনভাবে নিজেকে প্রকাশ করা এবং ধর্ম ও লিঙ্গের কারণে বৈষম্যের শিকার না হওয়ার অধিকারকে ক্ষুণ্ন করছে।

রায়ে গভীর হতাশা প্রকাশ করেছে ন্যাশনাল কাউন্সিল অব কানাডিয়ান মুসলিমস এবং কানাডিয়ান সিভিল লিবার্টিজ অ্যাসোসিয়েশন। ২০১৯ সালে আইনটি পাস হওয়ার পরদিনই এই দুটি সংগঠন আদালতে আইনটির বৈধতা চ্যালেঞ্জ করেছিল। ন্যাশনাল কাউন্সিল অব কানাডিয়ান মুসলিমসের প্রধান নির্বাহী স্টিফেন ব্রাউন আশঙ্কা প্রকাশ করে বলেছেন, এই রায়ের ফলে কানাডার যেকোনো সরকার নাগরিকদের মৌলিক স্বাধীনতা ও আইনগত অধিকার কেড়ে নেওয়ার অবাধ সুযোগ পেতে পারে।

রায় ঘোষণার পর কুইবেকের প্রিমিয়ার পল সেন্ট-পিয়ের প্লামন্ডন একে কুইবেকের ধর্মনিরপেক্ষতার বিজয় হিসেবে অভিহিত করেন।

ম্যানিটোবার প্রিমিয়ার ওয়াব কিনিউ কুইবেকের আইনটিকে সরাসরি বর্ণবাদী আইন হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, সুপ্রিম কোর্ট আইনটি বহাল রাখলেও নাগরিক অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আইনি লড়াইয়ের পথ বন্ধ হয়ে যায়নি। এই আইনে ক্ষুব্ধ কানাডীয়দের আদালতের শরণাপন্ন হয়ে নাগরিক অধিকার রক্ষার লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

অন্যদিকে আলবার্টার প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথ বলেছেন, সংবিধানের ৩৩ নম্বর ধারা কানাডার সাংবিধানিক ব্যবস্থার একটি বৈধ ও অপরিহার্য অংশ। সুপ্রিম কোর্টের এই রায়কে তিনি প্রাদেশিক অধিকারের বিজয় হিসেবে দেখছেন।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। শুক্রবার ইয়েলোনাইফে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কানাডার নাগরিক অধিকার ও স্বাধীনতার সনদের পূর্ণাঙ্গ প্রয়োগ নিশ্চিত করা তাঁর দায়িত্ব। তবে এই রায়ের পরিপ্রেক্ষিতে সংবিধান সংশোধনের প্রয়োজন রয়েছে কি না, সে বিষয়ে এখনই মন্তব্য করার সময় আসেনি।

বিশ্লেষকদের মতে, সুপ্রিম কোর্টের এই রায় কেবল কুইবেকের বিল ২১ বহাল রাখার সিদ্ধান্ত নয়, এর প্রভাব কানাডার অন্য প্রদেশগুলোর ওপরও পড়তে পারে। ভবিষ্যতে কোনো প্রাদেশিক সরকার একই ধরনের বিশেষ সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করে নাগরিকদের মৌলিক অধিকার সীমিত করতে চাইলে এই রায় গুরুত্বপূর্ণ নজির হিসেবে ব্যবহৃত হবে। এর ফলে প্রাদেশিক সরকারগুলো বিতর্কিত আইন প্রণয়নে আরও উৎসাহিত হতে পারে বলে আশঙ্কা রয়েছে।

কুইবেক সরকার এই মামলায় আইনি জয় পেলেও বিতর্ক থামছে না। ধর্মীয় স্বাধীনতা, সমান অধিকার এবং রাষ্ট্রের ধর্মনিরপেক্ষতার প্রশ্নে মতভেদ আগের মতোই রয়ে গেছে। আইনটির বিরোধীরা জানিয়েছেন, জনমত গড়ে তোলা, রাজনৈতিক উদ্যোগ ও অধিকারভিত্তিক আন্দোলনের মাধ্যমে আইনটি বাতিলের দাবিতে তাঁদের লড়াই অব্যাহত থাকবে।

তথ্যসূত্র: Supreme Court of Canada; The Globe and Mail; Associated Press (AP)

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::কুইবেকে সরকারি চাকরিতে হিজাব-পাগড়ি পরার নিষেধাজ্ঞার পক্ষে সুপ্রিম কোর্টের রায় first appeared on DesheBideshe.

More in Top News

View all

Latest news