LATEST
সহিংসতার শঙ্কায় বাগেরহাট থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ ইউপি নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রস্তুত ইসি জুরেলের লড়াই, বুমরার প্রত্যাবর্তনেও চালকের আসনে নিউজিল্যান্ড ‘হনুমান অংশ’ থেকে ‘টাইটান স্টোরি’, আইএফএফআইতে পুরস্কৃত যারা দ্বিতীয় পদ্মা সেতু ও চার লেন সড়কে বদলে যাবে পাবনার যোগাযোগব্যবস্থা Black Caps v India: The opposition batter that could have cost New Zealand this series – Opinion ১৬ ডিসেম্বর ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিলেন শেখ হাসিনা: রাশেদ খাঁন ডিসেম্বরের শুরুতেই কমতে পারে তাপমাত্রা, বাড়বে শীতের প্রভাব
National

দ্বিতীয় পদ্মা সেতু ও চার লেন সড়কে বদলে যাবে পাবনার যোগাযোগব্যবস্থা

দ্বিতীয় পদ্মা সেতু ও চার লেন সড়কে বদলে যাবে পাবনার যোগাযোগব্যবস্থা

রাজধানী ঢাকা থেকে পাবনা যেতে যমুনা সেতু ঘুরে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। যানজট ও ফেরি বা সেতুকেন্দ্রিক চাপের কারণে অনেক সময় পাঁচ থেকে সাত ঘণ্টাও সময় লেগে যায়। তবে পদ্মা নদীর ওপর পাটুরিয়া-গোয়ালন্দ-পাবনা সংযোগে ‘ওয়াই’ আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ এবং পাবনা শহরের গুরুত্বপূর্ণ সড়ক চার লেনে উন্নীত করার পরিকল্পনা বাস্তবায়িত হলে এ চিত্রে বড় পরিবর্তন আসতে পারে। পরিকল্পনা অনুযায়ী, নতুন সেতু চালু হলে ঢাকা থেকে পাবনায় যাতায়াতের সময় কমে দুই থেকে আড়াই ঘণ্টায় নেমে আসার সম্ভাবনা রয়েছে। বাসসের এক প্রতিবেদনে বলা হয়েছে , প্রস্তাবিত যোগাযোগ অবকাঠামোর মধ্যে রয়েছে মানিকগঞ্জের পাটুরিয়া থেকে পদ্মা নদীর মাঝপথে একটি সংযোগস্থল তৈরি করে সেতুর একটি শাখা রাজবাড়ীর গোয়ালন্দ এবং অন্য শাখা পাবনার কাজীরহাট বা নগরবাড়ী প্রান্তে যুক্ত করা। এর মাধ্যমে রাজধানী ও পাবনার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগের নতুন পথ তৈরি হবে। পাশাপাশি পাবনা শহরের অভ্যন্তরীণ সড়ক এবং সংযোগ মহাসড়ক প্রশস্ত করার জন্য প্রায় ৪ হাজার থেকে ৯ হাজার কোটি টাকার উন্নয়ন প্রস্তাবের কথা সামনে এসেছে। সরকারের সড়ক যোগাযোগ উন্নয়ন পরিকল্পনায় দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা যাচাইয়ের বিষয়টি গুরুত্ব পেয়েছে। এর পাশাপাশি পাবনা শহরের যানজট নিরসন এবং আঞ্চলিক যোগাযোগব্যবস্থা উন্নয়নে একাধিক সড়ক চার লেনে উন্নীত করার উদ্যোগের কথা আলোচনায় রয়েছে। তবে দ্বিতীয় পদ্মা সেতুর ওয়াই আকৃতির নকশা এখনো চূড়ান্ত হয়নি। সরকারের প্রাথমিক পরিকল্পনায় মানিকগঞ্জ, রাজবাড়ী ও পাবনাকে যুক্ত করার সম্ভাবনা বিবেচনায় রয়েছে। এ জন্য সম্ভাব্যতা সমীক্ষা চলছে। সেতুর চূড়ান্ত অবস্থান, দৈর্ঘ্য, নকশা ও নির্মাণব্যয় সমীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্ধারণ করা হবে। ফলে ঢাকা-পাবনা যাত্রা দুই থেকে আড়াই ঘণ্টায় কমে আসতে পারে। সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে শুধু পাবনা নয়, আশপাশের কয়েকটি জেলার যোগাযোগব্যবস্থাতেও ইতিবাচক প্রভাব পড়তে পারে। বিশেষ করে পাবনা, রাজবাড়ী, মানিকগঞ্জ, নাটোর ও সিরাজগঞ্জের মানুষের রাজধানীমুখী যাতায়াত এবং পণ্য পরিবহনে নতুন সম্ভাবনা তৈরি হবে। ঈশ্বরদী, চাটমোহর, সুজানগর ও সাঁথিয়াসহ পাবনার বিভিন্ন উপজেলা থেকে রাজধানী ও আঞ্চলিক বাণিজ্যিক কেন্দ্রগুলোতে যাতায়াতও সহজ হতে পারে। সরকারি তথ্য অনুযায়ী, পাটুরিয়া-দৌলতদিয়া অবস্থানে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের বিষয়টি নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত রয়েছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মাস্টারপ্ল্যানেও এ করিডর বিবেচনা করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে সম্ভাব্যতা সমীক্ষার জন্য ৪ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। তবে সেতু নির্মাণের জন্য এখনো চূড়ান্ত প্রকল্প ব্যয় বা নির্মাণের অর্থায়ন নির্ধারিত হয়নি। জানতে চাইলে সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ বলেন, ‘পাটুরিয়া-দৌলতদিয়া করিডরে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের বিষয়টি সরকারের উন্নয়ন পরিকল্পনায় গুরুত্ব পেয়েছে। এ ধরনের বড় অবকাঠামো নির্মাণের আগে বিস্তারিত সম্ভাব্যতা সমীক্ষা প্রয়োজন। নদীর গতিপ্রকৃতি, পানিপ্রবাহ, নাব্যতা, নদীশাসন, সেতুর নকশা, নির্মাণ ব্যয় এবং অর্থনৈতিক উপযোগিতা বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ওয়াই আকৃতির সেতুর প্রস্তাবটিও কারিগরি ও অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করতে হবে। সমীক্ষার ফলাফলের ভিত্তিতেই সেতুর চূড়ান্ত অবস্থান, নকশা ও বাস্তবায়ন পরিকল্পনা নির্ধারণ করা সম্ভব হবে।’ দ্বিতীয় পদ্মা সেতুর পাশাপাশি পাবনা শহরের অভ্যন্তরীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য তিনটি গুরুত্বপূর্ণ সড়ক চার লেনে উন্নীত করার প্রস্তাব দেওয়া হয়েছে। পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসের উদ্যোগে এ প্রস্তাব সামনে এসেছে। প্রস্তাব অনুযায়ী, তিন ধাপে শহরের প্রায় সাত কিলোমিটার সড়ক প্রশস্ত করা হবে। প্রথম ধাপে চকছাতিয়ানী মসজিদ থেকে চকছাতিয়ানী কবরস্থান হয়ে বালিয়াহালট মডেল মসজিদের সামনে পাবনা-ঈশ্বরদী মহাসড়ক পর্যন্ত সড়ক চার লেনে উন্নীত করার কথা রয়েছে। দ্বিতীয় ধাপে চাঁদমারী মোড় থেকে পৈলানপুর মোড় হয়ে পাওয়ার হাউস মোড় পর্যন্ত সড়ক প্রশস্ত করা হবে। তৃতীয় ধাপে কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে মুজাহিদ ক্লাব, অনন্ত সিনেমা হল, আব্দুল হামিদ রোড হয়ে গাছপাড়া মোড় পর্যন্ত সড়ক চার লেনে উন্নীত করার প্রস্তাব রয়েছে। এ বিষয়ে সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, পাবনা দীর্ঘদিন ধরে যোগাযোগ অবকাঠামোর দিক থেকে নানা সমস্যার মুখোমুখি। বিশেষ করে ঢাকা থেকে পাবনায় আসতে যমুনা সেতু ঘুরে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। এতে সময় ও অর্থ দুটোই বেশি ব্যয় হয়। আমরা চাই, পদ্মা নদীর ওপর দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের মাধ্যমে পাবনার সঙ্গে রাজধানীর সরাসরি যোগাযোগ প্রতিষ্ঠা হোক। পাটুরিয়া থেকে ওয়াই আকৃতির সেতুর একটি শাখা গোয়ালন্দ এবং অন্য শাখা পাবনার কাজীরহাট বা নগরবাড়ীর সঙ্গে যুক্ত করার প্রস্তাব রয়েছে। পাশাপাশি পাবনা শহরের গুরুত্বপূর্ণ তিনটি সড়ক চার লেনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে পাবনার যোগাযোগব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে। পাবনা কৃষি, শিল্প ও বাণিজ্যের দিক থেকে উত্তর-পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জেলা। ঈশ্বরদী ইপিজেড, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, চিনিকল, কৃষিভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান এবং বিভিন্ন বাণিজ্যিক কেন্দ্রকে ঘিরে এখানে প্রতিদিন বিপুলসংখ্যক যানবাহন চলাচল করে। বিশেষ করে ঈশ্বরদী, সুজানগর, সাঁথিয়া, বেড়া, চাটমোহর ও ভাঙ্গুড়া থেকে উৎপাদিত কৃষিপণ্য ও শিল্পপণ্য পরিবহনে উন্নত সড়ক যোগাযোগের প্রয়োজন রয়েছে। দ্বিতীয় পদ্মা সেতু নির্মিত হলে পাবনার সঙ্গে মানিকগঞ্জ ও রাজবাড়ীর সরাসরি যোগাযোগের সম্ভাবনা তৈরি হবে। এতে শুধু ঢাকা যাতায়াত নয়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার সঙ্গে পণ্য পরিবহনেও নতুন সুযোগ সৃষ্টি হতে পারে। কৃষিপণ্য, মাছ, দুগ্ধজাত পণ্য ও শিল্পকারখানার উৎপাদিত পণ্য দ্রুত বাজারজাত করা সম্ভব হলে পরিবহন ব্যয় ও সময় কমার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটতে পারে। বিশেষ করে পাবনার বেড়া ও কাজীরহাট অঞ্চল থেকে নদীপথনির্ভর যোগাযোগের পরিবর্তে সরাসরি সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হলে স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়তে পারে। একই সঙ্গে রাজবাড়ী, মানিকগঞ্জ, নাটোর ও সিরাজগঞ্জের মানুষের জন্যও নতুন যোগাযোগের সুযোগ তৈরি হতে পারে। এ বিষয়ে পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (পিসিসিআই) সভাপতি মো. ফোরকান রেজা বিশ্বাস বাদশা বলেন, পাবনা কৃষি, শিল্প ও ব্যবসা-বাণিজ্যের দিক থেকে অত্যন্ত সম্ভাবনাময় একটি জেলা। কিন্তু যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতার কারণে অনেক সময় পণ্য পরিবহনে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় হয়। বিশেষ করে ঢাকাসহ দেশের বড় বাজারগুলোতে কৃষিপণ্য ও শিল্পকারখানার উৎপাদিত পণ্য পাঠাতে পরিবহন ব্যয় একটি বড় বিষয়। তিনি বলেন, দ্বিতীয় পদ্মা সেতু এবং শহরের গুরুত্বপূর্ণ সড়ক চার লেনে উন্নীত করা হলে ব্যবসায়ীরা উপকৃত হবেন। এতে পণ্য পরিবহনের সময় কমবে, নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠার সুযোগ তৈরি হবে এবং স্থানীয় কর্মসংস্থান বাড়বে। আমরা চাই, প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের জন্য কার্যকর উদ্যোগ নেওয়া হোক। সংশ্লিষ্টদের মতে, পাবনার যোগাযোগব্যবস্থার উন্নয়ন শুধু একটি জেলার মানুষের যাতায়াতের সুবিধা নয়, বরং উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মধ্যে অর্থনৈতিক সংযোগ জোরদার করারও একটি গুরুত্বপূর্ণ সুযোগ। দ্বিতীয় পদ্মা সেতু এবং শহরের গুরুত্বপূর্ণ সড়ক চার লেনে উন্নীত করার পরিকল্পনা বাস্তবায়িত হলে পাবনার যোগাযোগ মানচিত্রে বড় পরিবর্তন আসতে পারে। তবে পরিকল্পনার ঘোষণা থেকে বাস্তবায়ন পর্যন্ত প্রতিটি ধাপে স্বচ্ছতা, অর্থায়ন নিশ্চিতকরণ এবং সময়মতো কাজ শেষ করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।  

More in National

View all

Latest news