তেহরান,১৮ নভেম্বর-ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আলী আল সালেমে পাল্টা ড্রোন হামলা চালিয়েছে ইরানি সেনাবাহিনী। ঘাঁটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র লক্ষ্য করে এ হামলা চালানো হয়। বুধবার ভোরে পরিচালিত এ হামলায় মার্কিন বাহিনীর ব্যবহৃত প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও উৎক্ষেপণ প্যাড ধ্বংস হয়েছে বলে দাবি করেছে তেহরান।
ইরানি সেনাবাহিনীর জনসংযোগ দপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, ইরানি যুদ্ধ ড্রোন ব্যবহার করে কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে অভিযান চালানো হয়েছে। পশ্চিম এশিয়ায় মার্কিন বাহিনীর জন্য ঘাঁটিটি গুরুত্বপূর্ণ আকাশ পরিবহন কেন্দ্র ও প্রবেশদ্বার হিসেবে পরিচিত।
বিবৃতিতে আরও বলা হয়, ইরানের প্রতিরক্ষার ক্ষেত্রে তারা কোনো শক্তির কাছে মাথা নত করে না। যেকোনো হুমকি বা আগ্রাসনের জবাবে তাদের প্রতিক্রিয়া হবে চূড়ান্ত, ধ্বংসাত্মক এবং ভৌগোলিক সীমাবদ্ধতার ঊর্ধ্বে।
এর আগে মঙ্গলবার ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) জানায়, ইরানি আকাশসীমায় মার্কিন ড্রোনের অনুপ্রবেশের জবাবে বাহরাইনের শেখ ঈসা বিমান ঘাঁটিতে থাকা মার্কিন সামরিক রাডার ব্যবস্থায় হামলা চালানো হয়েছে। এ ছাড়া কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে ড্রোন রাখার হ্যাঙ্গার ও জ্বালানি ডিপো ধ্বংসের দাবিও করেছে আইআরজিসি।
প্রতিবেদন অনুযায়ী, হরমুজ প্রণালির কাছে ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের বিমান হামলার প্রতিক্রিয়ায় এসব পাল্টা হামলা চালানো হয়েছে।
এস এম/ ১৮ নভেম্বর ২০২৬
সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা, প্যাট্রিয়ট ব্যবস্থা ধ্বংসের দাবি ইরানের first appeared on DesheBideshe.