
ঢাকা, ২২ আগস্ট – সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী কৃষক কার্ড প্রদানের কাজ শুরু হয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে কৃষক ও সার ডিলারদের তথ্য সংগ্রহ, যাচাই এবং হালনাগাদের কার্যক্রম দ্রুত শেষ করার জন্য জরুরি নির্দেশনা দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সম্প্রতি অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম স্বাক্ষরিত এক চিঠিতে সব উপজেলা কৃষি কর্মকর্তাকে এই কার্যক্রম নির্ভুলভাবে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয় যে দেশব্যাপী কৃষক কার্ড প্রদানের কার্যক্রম অব্যাহত থাকবে এবং সংগৃহীত তথ্য নিয়মিতভাবে যাচাই ও অনুমোদন নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে সার ডিলারদের তথ্য বিদ্যমান অ্যাপের মাধ্যমে সংগ্রহের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয় যে প্রথম পর্যায়ে যেসব ব্লকের তথ্য সংগ্রহ সম্পন্ন হয়েছে সেগুলো ছাড়া বাকি কাজগুলো আগামী ২৩ আগস্ট রোববারের মধ্যে শেষ করতে হবে। এ ছাড়া আগামী ২৬ আগস্ট বুধবারের মধ্যে অবশিষ্ট সব ব্লকের তথ্য সংগ্রহ সম্পন্ন করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
প্রাথমিক পর্যায়ে শুধু বিসিআইসি এবং বিএডিসি ডিলারদের তথ্য সংগ্রহ করা হবে। প্রতিটি ইউনিয়নের আওতাধীন সব ব্লকের নাম সিস্টেমে অন্তর্ভুক্ত করার পাশাপাশি কোনো এলাকা যেন বাদ না পড়ে সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্লকের মৌজা ও গ্রামের তথ্য সঠিকভাবে যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে তথ্যের নির্ভুলতা এবং পূর্ণতা নিশ্চিত করার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।
এনএন/ ২২ আগস্ট ২০২৬



