কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হচ্ছেন নন-এমপিও শিক্ষকরা | চ্যানেল আই অনলাইন

কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হচ্ছেন নন-এমপিও শিক্ষকরা | চ্যানেল আই অনলাইন

এমপিওভুক্তির দাবিতে আজ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হচ্ছেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। বেতন-ভাতা ছাড়া দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করা শিক্ষক-কর্মচারীরা যোগ্য নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করে তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবিতে অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করবেন।

আজ (২৪ আগস্ট) সোমবার বাংলাদেশ নন-এমপিও (বেতন-বিহীন) শিক্ষক-কর্মচারী পরিষদের উদ্যোগে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। কর্মসূচি পালনের জন্য শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রোববার সংগঠনের পক্ষ থেকে করা আবেদনের পরিপ্রেক্ষিতে ডিএমপি এই অনুমতি দেয়। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপারেশনস) মো. মাহবুব হোসেন কামালের সই করা অনুমতিপত্রে শান্তিপূর্ণভাবে নির্ধারিত স্থান ও সময়ে কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশের পক্ষ থেকে কর্মসূচি ঘিরে মোট ২১টি শর্ত দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে অনুমোদিত স্থানের বাইরে কর্মসূচি না করা, নির্ধারিত সময়ের মধ্যে কর্মসূচি শেষ করা এবং জনসাধারণের চলাচলে কোনো ধরনের বিঘ্ন না ঘটানো। একই সঙ্গে উসকানিমূলক বক্তব্য, ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন বক্তব্য বা প্রচার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলা হয়েছে।

এছাড়া কর্মসূচিতে মাদকদ্রব্য ব্যবহার না করা, পুলিশের নির্দেশনা মেনে চলা এবং সংগঠনের নিজস্ব ব্যবস্থাপনায় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করার শর্তও রয়েছে। কোনো বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায় নিতে হবে বলেও অনুমতিপত্রে উল্লেখ করা হয়েছে।

বছরের পর বছর নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা কোনো বেতন-ভাতা ছাড়াই শিক্ষাপ্রতিষ্ঠানে দায়িত্ব পালন করছেন। যোগ্য নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করে শিক্ষক-কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করাই তাদের একমাত্র দাবি। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধারাবাহিকভাবে শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাবেন তারা।