পবিত্র কোরআনে ‘খুসরান’ বা ক্ষতির যে আলোচনা এসেছে, তা মূলত পার্থিব ক্ষতি নয়; বরং দ্বিন ও আখিরাতের ক্ষতিকেই বোঝায়। কোরআনের ভাষায় প্রকৃত ক্ষতিগ্রস্ত তারা, যারা ঈমান ও নেক আমল হারিয়ে আখিরাতের সফলতা থেকে বঞ্চিত হয়।
### কুফরি সবচেয়ে বড় ক্ষতি
আল্লাহ তাআলার প্রতি অবিশ্বাস বা কুফরি মানুষের সবচেয়ে বড় ক্ষতির কারণ। কারণ এটি মানুষকে চিরস্থায়ী শাস্তির দিকে নিয়ে যায়। আল্লাহ বলেন, ‘যারা মিথ্যায় বিশ্বাস করেছে এবং আল্লাহকে অস্বীকার করেছে, তারাই প্রকৃত ক্ষতিগ্রস্ত।’ (সুরা আল-আনকাবুত : ৫২)
### সম্পদ ও সন্তানও হতে পারে ক্ষতির কারণ
হজরত নুহ (আ.) তাঁর জাতির অবাধ্যদের সম্পর্কে বলেন, তারা এমন লোকদের অনুসরণ করেছে, যাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি তাদের ক্ষতিই বাড়িয়েছে। (সুরা নুহ : ২১) অর্থাৎ সম্পদ ও সন্তান যদি মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেয়, তবে তা কল্যাণ নয়, বরং ক্ষতির কারণ।
### আল্লাহর নিদর্শন অস্বীকার করা
আল্লাহর সৃষ্টির নিদর্শন এবং তাঁর বিধান অস্বীকার করাও মানুষের বড় ক্ষতির কারণ। কোরআনে বলা হয়েছে, ‘যারা আল্লাহর নিদর্শনসমূহ অস্বীকার করেছে, তারাই ক্ষতিগ্রস্ত।’ (সুরা আয-যুমার : ৬৩)
### আত্মপ্রবঞ্চনা ও মনগড়া ইবাদত
অনেক মানুষ এমন কাজ করে, যা তারা নেক আমল মনে করে। অথচ তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এ ধরনের মানুষ দুনিয়ায় পরিশ্রম করলেও আখিরাতে কোনো প্রতিদান পাবে না। আল্লাহ বলেন, ‘তাদের সব প্রচেষ্টা দুনিয়ার জীবনেই ব্যর্থ হয়েছে, অথচ তারা মনে করে তারা উত্তম কাজ করছে।’ (সুরা আল-কাহফ : ১০৩-১০৪)
### দুনিয়ার স্বার্থে ঈমান গ্রহণ
কিছু মানুষ শুধু পার্থিব লাভের আশায় ঈমান গ্রহণ করে। সুবিধা পেলেই দ্বিনে অটল থাকে, আর বিপদ এলে মুখ ফিরিয়ে নেয়। আল্লাহ বলেন, ‘সে দুনিয়া ও আখিরাত—উভয়ই হারায়। এটাই সুস্পষ্ট ক্ষতি।’ (সুরা হজ : ১১)
### আরও যেসব কাজ মানুষকে ক্ষতিগ্রস্ত করে
কোরআনে আরও কয়েকটি কাজকে মানুষের ধ্বংস ও ক্ষতির কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। যেমন—
* অন্যায়ভাবে নিরপরাধ মানুষ হত্যা। (সুরা আল-মায়িদা : ৩০)
* দারিদ্র্য বা লজ্জার ভয়ে সন্তান হত্যা। (সুরা আল-আনআম : ১৪০)
* আল্লাহর অঙ্গীকার ভঙ্গ করা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করা। (সুরা আল-বাকারা : ২৭)
* আল্লাহর শাস্তি থেকে নিজেকে সম্পূর্ণ নিরাপদ মনে করা। (সুরা আল-আরাফ : ৯৯)
* ধন-সম্পদ ও সন্তান-সন্ততির কারণে আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়ে যাওয়া। (সুরা আল-মুনাফিকুন : ৯)
* আল্লাহ সম্পর্কে কুধারণা পোষণ করা। (সুরা ফুসসিলাত : ২৩)
* কাফিরদের এমনভাবে অনুসরণ করা, যা ঈমানকে দুর্বল করে দেয়। (সুরা আলে ইমরান : ১৪৯)
### আল্লাহর অঙ্গীকার ভঙ্গের পরিণতি
আল্লাহ তাআলা মানুষকে দুনিয়ায় পাঠানোর আগেই তাঁর আনুগত্যের অঙ্গীকার নিয়েছিলেন। সুরা আল-আরাফের ১৭২ নম্বর আয়াতে সেই অঙ্গীকারের কথা উল্লেখ রয়েছে। যারা সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে এবং পৃথিবীতে অশান্তি ছড়ায়, কোরআন তাদের প্রকৃত ক্ষতিগ্রস্ত বলে ঘোষণা করেছে।
### কোরআনের শিক্ষা
কোরআন আমাদের শিক্ষা দেয়, প্রকৃত ক্ষতি ধন-সম্পদ, পদমর্যাদা বা পার্থিব সুযোগ-সুবিধা হারানো নয়। প্রকৃত ক্ষতি হলো ঈমান, দ্বিন এবং আখিরাতের সফলতা হারিয়ে ফেলা। আর প্রকৃত সফলতা হলো আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আখিরাতে মুক্তি লাভ করা।*




