‘ক্রাইম পেট্রোল’ দিয়ে টিভি পর্দায় অজয়ের অভিষেক!

‘ক্রাইম পেট্রোল’ দিয়ে টিভি পর্দায় অজয়ের অভিষেক!

‘সিংহাম’খ্যাত বলিউড অভিনেতা অজয় দেবগন টেলিভিশন দুনিয়ায় পা রাখতে যাচ্ছেন। জনপ্রিয় ‘ক্রাইম পেট্রোল’ অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে টিভি দুনিয়ায় অভিষেক ঘটবে তার। আগামী ৩১ আগস্ট, নতুন মৌসুমের প্রিমিয়ার হবে। খবর ইন্ডিয়া টুডের।

সনি টিভির ‘ক্রাইম পেট্রোল’-এর নতুন মৌসুমে গুরুত্ব দেওয়া হবে বর্তমান সময়ের অপরাধের নতুন গল্পে। এই মৌসুমের মুখ ও বর্ণনাকারী হিসেবে অজয় দেবগনকে যুক্ত করেছেন নির্মাতারা। অনুষ্ঠান সংশ্লিষ্ট একটি সূত্র ইন্ডিয়া টুডেকে জানিয়েছেন, ইতোমধ্যে অনুষ্ঠানের প্রচারমূলক ভিডিওর (প্রোমো) শুটিং করেছেন অভিনেতা অজয় দেবগন। নতুন মৌসুমটি আগামী মাসে প্রচার শুরু হওয়ার কথা রয়েছে।

বিস্তারিত ব্যাখ্যা করে সূত্রটি ইন্ডিয়া টুডেকে বলেন, “ক্রাইম পেট্রোলের এই মৌসুমে অপরাধের নতুন নতুন গল্প তুলে ধরা হবে। বছরের পর বছর ধরে অপরাধের ধরন কীভাবে বদলে গেছে, তা-ও অনুসন্ধান করা হবে। অজয় দেবগন ‘সিংহাম’ সিনেমায় অপরাধের বিরুদ্ধে লড়াই করা একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেন। তাই নির্মাতারা মনে করেছেন, অনুষ্ঠানটি নেতৃত্ব দেওয়ার জন্য তিনি সবচেয়ে উপযুক্ত ব্যক্তি। ‘ক্রাইম পেট্রোল’-এর মতো জনপ্রিয় ও মর্যাদাপূর্ণ একটি অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে অজয়ও বেশ উচ্ছ্বসিত বলে জানা গেছে। খুব শিগগির অনুষ্ঠানের প্রথম প্রোমো প্রকাশ করা হবে, যেখানে নতুন মৌসুমের মূল ভাবনা তুলে ধরা হবে।”

২০০৩ সালের ৯ মে, সনি টিভিতে প্রথম প্রচার হয় ‘ক্রাইম পেট্রোল’। এরপর ভারতীয় টেলিভিশনের অন্যতম দীর্ঘস্থায়ী ক্রাইম ফ্র্যাঞ্চাইজি হিসেবে পরিচিতি লাভ করে অনুষ্ঠানটি। বাস্তব জীবনের বিভিন্ন অপরাধের ঘটনা নাট্যরূপে তুলে ধরা হয়। সাধারণত কোনো অপরাধ সংঘটনের পেছনের পরিস্থিতি এবং পরবর্তী তদন্তের বিষয়গুলোকে এই অনুষ্ঠানে গুরুত্ব পায়।

দীর্ঘ পথচলায় ‘ক্রাইম পেট্রোল’ নিয়ে একাধিক মৌসুম নির্মিত হয়েছে। পরিবর্তন হয়েছে ফরম্যাট ও নামে। যেমন: ‘ক্রাইম পেট্রোল দস্তক’, ‘ক্রাইম পেট্রোল সাতার্ক’, ‘ক্রাইম পেট্রোল ডায়াল ১০০’-এর মতো বিভিন্ন নামে প্রচার হয়েছে অনুষ্ঠানটি।

যদিও ‘ক্রাইম পেট্রোল’-এর সঙ্গে অনুপ সোনির নামই সবচেয়ে বেশি জড়িয়ে আছে। তবে অনুষ্ঠানটির সঞ্চালক একমাত্র তিনিই নন। এর আগে অভিনেতা দিওয়াকর পুন্ডির, শক্তি আনন্দ, সাকশি তাওয়ার, সঞ্জীব ত্যাগী, দিব্যাঙ্কা ত্রিপাঠি, সোনালি কুলকার্নি, আশুতোষ রানা প্রমুখ অনুষ্ঠানটির সঞ্চালকের দায়িত্ব পালন করেছেন।

দুই দশকের বেশি সময়ের জার্নিতে এবার অজয় দেবগন পরবর্তী মৌসুমের বর্ণনাকারী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। ফলে দীর্ঘদিনের এই জনপ্রিয় অনুষ্ঠানের ফরম্যাটে ফের বড় ধরনের পরিবর্তন আসছে। অন্যদিকে, অজয়ের জন্য এটি হতে যাচ্ছে টেলিভিশনে বড় ধরনের অনুষ্ঠান সঞ্চালনার অভিজ্ঞতা। একই সঙ্গে অপরাধবিরোধী পুলিশ চরিত্রে তার জনপ্রিয়তার সঙ্গে ‘ক্রাইম পেট্রোল’-এর যোগসূত্র ছোটপর্দায় নতুন মাত্রা যোগ করবে।

অজয় অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ধামাল ফোর’। ইন্দ্র কুমার পরিচালিত এ সিনেমা গত ১০ জুলাই মুক্তি পায়। বছর জুড়ে চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করেন অজয় দেবগন। বর্তমানে তার হাতে চারটি সিনেমার কাজ রয়েছে। এগুলো হলো—‘দৃশ্যম ৩’, ‘রেঞ্জার’, ‘চৌহান’, ‘গোলমাল ফাইভ’।