ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১০টি অঞ্চলে একযোগে ‘ক্লিনিং ডে’ পালন করা হয়েছে। পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত নগর গড়ে তোলার লক্ষ্য নিয়ে শনিবার প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচি পালন করা হয়।
ডিএসসিসি সূত্র জানায়, প্রতি মাসের প্রথম শনিবার ‘ক্লিনিং ডে’ পালনের ঘোষণা দিয়েছেন সংস্থাটির প্রশাসক। ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো এডিস মশাবাহিত রোগ প্রতিরোধ এবং নগর পরিচ্ছন্ন রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
দিনব্যাপী কর্মসূচিতে ডিএসসিসির ১০টি অঞ্চলে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা সরাসরি মাঠপর্যায়ে উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করেন। এতে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
সকালে মালিবাগ এলাকায় আধুনিক অন্তর্বর্তীকালীন বর্জ্য হস্তান্তর কেন্দ্র (এসটিএস) ও সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম। এ সময় তিনি বলেন, সবাই মিলে কাজ করলে আগামী ছয় মাসের মধ্যেই ঢাকার দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব। নগর পরিচ্ছন্ন রাখতে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ জরুরি বলেও উল্লেখ করেন তিনি।
প্রশাসক জানান, প্রতি মাসের প্রথম শনিবার রাজধানীর বাড়িঘর, বাজার, আবাসিক এলাকা, মসজিদ ও মার্কেটসহ বিভিন্ন স্থানে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে। পাশাপাশি সরকারি অফিস, আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও প্রতি মাসের প্রথম সপ্তাহে সুবিধাজনক দিনে এ কর্মসূচিতে অংশ নেবে।
তিনি রাজনৈতিক দল, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, স্কাউট, বিএনসিসি, রেড ক্রিসেন্ট ও বিডি ক্লিনের সদস্যদের পরিচ্ছন্নতা কার্যক্রমে যুক্ত হওয়ার আহ্বান জানান।
এডিস মশার বিস্তার রোধে বাসাবাড়ির ছাদ, ফুলের টব ও আশপাশে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার রাখার পরামর্শ দেন প্রশাসক। তিনি বলেন, পর্যায়ক্রমে নগরের সব সেকেন্ডারি বর্জ্য হস্তান্তর কেন্দ্র আধুনিক ও স্বাস্থ্যসম্মত করা হবে।
ডিএসসিসির কর্মকর্তারা আশা করছেন, নিয়মিত এ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বাড়বে এবং ডেঙ্গুমুক্ত ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে সহায়ক হবে।






