চব্বিশের গণঅভ্যুত্থানে লালমনিরহাটে শহীদ জুবায়ের হোসেনের বোন জেসমিন আকতার ব্রেন টিউমারে (ব্রেইন স্টেম গ্লাইয়োমা) আক্রান্ত। বর্তমানে জেসমিন আকতার রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসায় পাশে দাঁড়িয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
ক্যান্সারের বিষয়টি জানার পর প্রধানমন্ত্রী তারেক রহমান তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে জেসমিনের চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৫ আগস্ট) ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে যায়।
এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নিউরো অ্যানেসথেশিয়া বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ জেড এম সাইফুদ্দিন বাবু, ড্যাবের আইনবিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান, জুলাই শহীদ পরিবারের সদস্য গোলাম রহমান, রবিউল আওয়াল, ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।
প্রতিনিধিদলটি শহীদ জুবায়েরের বাবা-মায়ের সঙ্গে কথা বলে এবং জেসমিন আকতারের চিকিৎসায় প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে।
উল্লেখ্য, শহীদ জুবায়ের চব্বিশের ৫ আগস্ট লালমনিরহাটে শহীদ হন। তার একমাত্র বোন, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জেসমিন আকতার ব্রেন টিউমারে আক্রান্ত।

