গান, আবৃত্তি ও স্মৃতিচারণার মধ্য দিয়ে উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সংসদ (একাংশ) স্মরণ করল তাদের সাবেক সভাপতি, বিশিষ্ট বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, সাহিত্যিক, প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকারকে। ১৩ আগস্ট বৃহস্পতিবার ছিল তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনের কমরেড মণি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্ট মিলনায়তনে স্মরণসভা আয়োজন করে উদীচী কেন্দ্রীয় সংসদ। স্মরণসভার শুরুতে অধ্যাপক যতীন সরকারের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উদীচীর কেন্দ্রীয় সংসদের নেতারা। এরপর তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। উদীচীর সংগীত বিভাগের শিল্পীরা ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ গানটি সমবেত কণ্ঠে পরিবেশন করেন।
কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিমের সভাপতিত্বে শুরু হয় আলোচনা পর্ব। অধ্যাপক যতীন সরকারের জীবন, আদর্শ ও কর্ম নিয়ে আলোচনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম সিদ্দিক, কেন্দ্রীয় সংসদের সহসভাপতি প্রবীর সরদার, সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, সহসাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম, কেন্দ্রীয় সদস্য নিবাস দে ও বিমল মজুমদার।




