গায়িকাকে যৌন নিপীড়নের অভিযোগে গায়ক গ্রেপ্তার | চ্যানেল আই অনলাইন

গায়িকাকে যৌন নিপীড়নের অভিযোগে গায়ক গ্রেপ্তার | চ্যানেল আই অনলাইন

যৌন নিপীড়নের অভিযোগে যুক্তরাজ্যে গ্রেপ্তার হয়েছেন নাইজেরিয়ার জনপ্রিয় গায়ক ও নৃত্যশিল্পী ইওয়ে পাস্কাল ওডিনাকা। যিনি ‘পোকো লি’ নামে পরিচিত।

তবে অভিযোগের বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসেনি। কথিত ভুক্তভোগীর পরিচয়ও জানা যায়নি। যুক্তরাজ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিংবা পোকো লির ব্যবস্থাপনা দলের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে পোকো লির বিরুদ্ধে মার্কিন গায়িকা মিস জর্জি যৌন নিপীড়নের অভিযোগ তোলেন। ভিডিওতে তিনি দাবি করেন, ডালাসে পোকো লির সঙ্গে দেখা করতে গিয়ে তিনি অস্বস্তিকর পরিস্থিতির শিকার হন।

মিস জর্জির অভিযোগ, তিনি যখন পোকো লিকে নিজের গানের একটি নমুনা শোনাচ্ছিলেন, তখন গায়ক তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন এবং পরে তার পোশাক ধরে টানাটানি করেন। গায়কের শারীরিক গঠন বড় হওয়ায় তাকে বাধা দেওয়া কঠিন ছিল বলেও দাবি করেন তিনি।

অন্য একটি ভিডিওতে মিস জর্জি দাবি করেন, ধর্ষণের অভিযোগে বর্তমানে পোকো লি যুক্তরাজ্যের একটি কারাগারে আটক রয়েছেন। নিজের কথিত অভিজ্ঞতা নিয়ে আরও আগে প্রকাশ্যে কথা না বলার জন্য আক্ষেপও প্রকাশ করেন তিনি।

পোকো লি নাইজেরিয়ার সংগীতাঙ্গনে পরিচিত মুখ। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার বড় অনুসারী রয়েছে। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ৬০ লাখের বেশি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। লিডারশিপ