ঢাকার মঞ্চে আসছে বিশ্বখ্যাত সেই ‘দ্য আলকেমিস্ট’ | চ্যানেল আই অনলাইন

ঢাকার মঞ্চে আসছে বিশ্বখ্যাত সেই ‘দ্য আলকেমিস্ট’ | চ্যানেল আই অনলাইন

এবার ঢাকার মঞ্চে আসছে বিশ্বসাহিত্যের অন্যতম জনপ্রিয় ও আলোড়ন সৃষ্টিকারী উপন্যাস পাওলো কোয়েলহোর ‘দ্য আলকেমিস্ট’। নাট্যদল ‘এক্টোম্যানিয়া’-র নতুন প্রযোজনায় উপন্যাসটির গল্প জীবন্ত হয়ে উঠবে ঢাকার মঞ্চে।

ইতোমধ্যে ‘এক্টোম্যানিয়া’ ঘিরে নাট্যাঙ্গনে তৈরি হয়েছে আগ্রহ ও উন্মাদনা। আত্মোপলব্ধি, স্বপ্ন এবং ভাগ্যের অন্বেষণে তরুণ রাখাল সান্তিয়াগোর আন্দালুসিয়া থেকে মিশরের পিরামিডের পথে যাত্রার রূপকধর্মী গল্পই ‘দ্য আলকেমিস্ট’-এর মূল উপজীব্য।

বিশ্বজুড়ে কোটি কোটি পাঠকের হৃদয় জয় করা এই উপন্যাসের অন্যতম বার্তা—“তুমি যখন মন থেকে কিছু চাও, তখন সারা বিশ্ব-ব্রহ্মাণ্ড সেই চাওয়ার পক্ষে ষড়যন্ত্রে লিপ্ত হয়।” সেই দর্শন ও জীবনের নানা সত্যকে মঞ্চনাট্যের ভাষায় তুলে ধরেছেন নির্মাতারা।

নাটকটির নির্দেশক তালহা জুবায়ের বলেন, “বর্তমান যুগে আমরা ক্যারিয়ারের ইঁদুর দৌড়ে এমনভাবে ব্যস্ত হয়ে আছি যে, প্রায়ই ভুলে যাই জীবনে কী করতে চেয়েছি! ‘দ্য আলকেমিস্ট’ আমাদের মনে করিয়ে দেয়, প্রতিটি মানুষের জীবনে একটি নির্দিষ্ট লক্ষ্য বা স্বপ্ন থাকে, যা অর্জন করার জন্য আমরা জন্মেছি। নিজের ভেতরের সেই স্বপ্নকে নতুন করে খুঁজে পাওয়ার জন্যই এই প্রযোজনা। এটি আমাদের ভেতরে স্বপ্ন দেখার তাগিদ এবং আত্মিক যাত্রাকে নতুনভাবে উসকে দেবে।”

নান্দনিক আলোকসম্পাত, আবহসংগীত ও শক্তিশালী অভিনয়ের মাধ্যমে সান্তিয়াগোর মরুভূমির যাত্রা এবং তার অন্তর্জগতের রূপান্তর ফুটিয়ে তোলা হবে মঞ্চে।

এতে অভিনয় করছেন শশাঙ্ক সাহা, কামরুজ্জামান তাপু, সায়েম সিজান, সায়রা আকতার, সালাউদ্দিন ইভান, ফাতেমা ইলমা, কামরুল তিহান, মাহবুবা মৌ, সানবি মীর, মারজুক হাসান, জয়ব্রত বিশ্বাস, মাহফুজ ইসলাম মেঘ, বাপ্পী চৌধুরী, সাকিব শুভ, ঐশি, সাদ, রিহাদ ইসলাম, রাতুল আরিয়ান, সুলাইহা তারজিয়া, রুদ্র, জনি ও বরিষ-ধরা।

সংশ্লিষ্টরা জানান, শিগগিরই বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে নাটকটির উদ্বোধনী ও নিয়মিত প্রদর্শনী অনুষ্ঠিত হবে, একই সঙ্গে প্রকাশ করা হবে প্রদর্শনীর তারিখও।