
প্যারিস, ১৫ জুলাই – বিশ্বকাপের আসর সমাপ্তির পথে থাকলেও শিরোপার লড়াইয়ের পাশাপাশি এখন আলোচনার কেন্দ্রে রয়েছে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট। এই সম্মানের জন্য সমানে সমান লড়াই চালিয়ে যাচ্ছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি এবং ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে।
বর্তমানে দুই ফুটবলারই ৮টি করে গোল করে তালিকার শীর্ষে অবস্থান করছেন। স্পেনের কাছে সেমিফাইনালে হেরে ফ্রান্সের শিরোপা জয়ের স্বপ্ন শেষ হয়ে গেলেও এমবাপ্পের সামনে গোলসংখ্যা বাড়ানোর আরও একটি সুযোগ রয়েছে। ফ্রান্সকে আসরে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি খেলতে হবে।
অন্যদিকে আর্জেন্টিনা সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে। এর ফলে মেসির সামনে অন্তত দুটি ম্যাচ খেলার সম্ভাবনা থাকছে। সেটি হতে পারে সেমিফাইনাল ও ফাইনাল অথবা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। গোলসংখ্যায় সমতা থাকলেও বর্তমানে গোল্ডেন বুটের লড়াইয়ে কিছুটা সুবিধাজনক অবস্থানে আছেন কিলিয়ান এমবাপ্পে।
নিয়ম অনুযায়ী সমান গোল হলে গোলদাতাদের অ্যাসিস্ট সংখ্যা বা গোল করতে সহায়তা করার সংখ্যাটি বিবেচনায় নেওয়া হয়। এখন পর্যন্ত এমবাপ্পে ৩টি অ্যাসিস্ট করেছেন যেখানে মেসির অ্যাসিস্ট সংখ্যা ২। যদি গোল ও অ্যাসিস্ট উভয় ক্ষেত্রেই সমতা থাকে তবে দেখা হবে কে মাঠে কম সময় খেলেছেন।
এরপরও ফয়সালা না হলে পেনাল্টি ছাড়া গোল করার সংখ্যা দেখা হবে। এই পরিসংখ্যানে মেসির অবস্থান বেশ মজবুত। আসরে তিনি দুটি পেনাল্টি পেলেও কোনোটি থেকেই গোল করতে পারেননি। অস্ট্রিয়া ও মিসরের বিপক্ষে নেওয়া মেসির স্পটকিকগুলো গোলরক্ষক প্রতিহত করেন।
অন্যদিকে এমবাপ্পে পাওয়া দুটি পেনাল্ভির একটি থেকে গোল আদায় করতে সক্ষম হয়েছেন। তালিকায় এই দুই তারকার ঠিক পরেই রয়েছেন ইংল্যান্ডের হ্যারি কেইন ও জুড বেলিংহাম। দুজনেরই গোল সংখ্যা ৬। এছাড়া ফ্রান্সের উসমান দেম্বেলে ও স্পেনের মিকেল ওয়ারসাবাল ৫টি করে গোল নিয়ে লড়াইয়ে টিকে আছেন।
নরওয়ের আর্লিং হালান্ড ৭ গোল করলেও তার দল বিদায় নেওয়ায় তার গোল্ডেন বুট জেতার কোনো সম্ভাবনা নেই। বিশ্বকাপের শেষ ম্যাচগুলোতে শিরোপার পাশাপাশি এই ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের লড়াই ফুটবলপ্রেমীদের মাঝে বাড়তি উন্মাদনা সৃষ্টি করছে।
এস এম/ ১৫ জুলাই ২০২৬






