পরীক্ষা শেষে হামলার শিকার দুই এইচএসসি পরীক্ষার্থী

পরীক্ষা শেষে হামলার শিকার দুই এইচএসসি পরীক্ষার্থী

বাগেরহাটে এইচএসসি পরীক্ষা শেষে দুই পরীক্ষার্থীর ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুরে সরকারি মহিলা কলেজের প্রধান ফটকের মধ্যে এবং ফটকের বাইরে দুই দফায় হামলার ঘটনা ঘটে। সরকারি মহিলা কলেজে চলমান এইসএসসি পরীক্ষার দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্য ওই শিক্ষার্থীদের নিরাপদে নেওয়ার চেষ্টা করেন। পরে পুলিশের সামনেই ওই দুই শিক্ষার্থীকে এলোপাতাড়ি মারধর করেন হামলাকারীরা। একপর্যায়ে দুই পুলিশ হামলাকারীদের নিভৃত করতে সক্ষম হয়।

হামলার শিকার দুই শিক্ষার্থী শাহরিয়ার খান ও রাফসান আমিন। তারা সরকারি পিসি কলেজের এইসএসসি বাণিজ্য বিভাগের শিক্ষার্থী। শাহরিয়ার খানের ফেসবুক আইডিতে আওয়ামী লীগের পুনর্বাসনের পক্ষে বিভিন্ন পোস্ট দেখা যায়।

মারধরের শিকার শিক্ষার্থীদের অভিযোগ, সরকারি পিসি কলেজ ছাত্রদল নেতা সামিরসহ কয়েকজন তাদের ওপর হামলা করেন। ফেসবুক ম্যাসেঞ্জারে কথা কাটাকাটির জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে দাবি ভুক্তভোগীদের।

এদিকে, পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে পোশাক পরিহিত ও প্রবেশপত্র হাতে থাকা পরীক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা। এই ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে মহিবুন নাহার নামে এক নারী বলেন, ‘তার ছেলে এখানে পরীক্ষা দিচ্ছে। এই দুই শিক্ষার্থীর ওপর প্রকাশ্যে হামলা হলো, এত মানুষ কেউ এগিয়ে এলো না। কাল তার সন্তানের ওপর হামলা হলে কে দেখবে? এর দায় কে নেবে?’

অভিযুক্ত ছাত্রদল নেতা সামির বলেন, ‘শাহরিয়ার খান নামে ওই শিক্ষার্থী দীর্ঘদিন ধরে শেখ হাসিনার পক্ষে পোস্ট দেয়। এসব কারণেই তার সহপাঠীদের সঙ্গে এ অপ্রতিকর ঘটনা ঘটেছে। এর সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীরা জড়িত নন।’

বাগেরহাট সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ ড. এজেডএম রুহুল কাদির বলেন, হামলার বিষয়ে তিনি অবগত। হামলার শিকার ও অভিযুক্ত শিক্ষার্থী সরকারি পিসি কলেজের শিক্ষার্থী। হামলাকারী শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য তার প্রবেশপত্রের অনূলিপি সরকারি পিসি কলেজের অধ্যক্ষের নিকট পাঠানো হয়েছে। পরে বাইরের হামলার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এই ভিডিও ফুটেজ ও হামলাকারীদের তথ্য সরকারি পিসি কলেজের অধ্যক্ষকে অবহিত করা হবে। এসব বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বিষয়টি অবহিত করা হবে বলে জানান তিনি।