
ভুবনেশ্বর,২৭ অক্টোবর-পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘অর্ণব’ অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড়টি শক্তিশালী হয়ে ওঠায় ভারতের ওড়িশার বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত হচ্ছে।
ওড়িশার ছয়টি জেলা—পুরী, গজপতি, গঞ্জাম, রায়গড়া, কোরাপুট ও মালকানগিরিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এসব জেলায় ১২ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর।
ওড়িশা প্রশাসনের পক্ষ থেকে বালাসোর, ভদ্রক, জাজপুর, কেন্দ্রপাড়া, কটক, কেওনঝার, ময়ূরভঞ্জ, কান্ধমাল, কালাহান্ডি, নবরঙ্গপুর, খুরদা, নয়াগড়, জগৎসিংহপুর, নোয়াপাড়া ও বালাঙ্গির জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উপকূলীয় এলাকা থেকে অনেক মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
অন্ধ্রপ্রদেশেও ঘূর্ণিঝড়টির প্রভাব পড়েছে। রাজ্যটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক প্রখর জৈন জানিয়েছেন, ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ঘণ্টায় ২৫ কিলোমিটার বেগে এগিয়ে যাচ্ছে।
মঙ্গলবার সন্ধ্যা থেকে ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোতে পারে। বুধবার সকালে অন্ধ্রপ্রদেশ ও পুদুচেরির ইয়ানাম উপকূলের বাপতলা ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী কোনো এলাকায় এটি স্থলভাগে আঘাত হানতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রখর জৈন।
অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকা এবং ওড়িশার দক্ষিণ উপকূলীয় অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের উপকূলীয় এলাকা থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া অনেক ট্রেনের চলাচল বাতিল করা হয়েছে।
ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ প্রভাবে ঝাড়খণ্ডের কিছু এলাকায় টানা তিন দিন পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ পরিস্থিতিতে রাজ্যটির সব জেলার প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকাতেও ঘূর্ণিঝড়টির প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত এর প্রভাব থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। উপকূলসংলগ্ন একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূলসংলগ্ন সমুদ্র উত্তাল হয়ে উঠতে পারে। এ কারণে মৎস্যজীবীদের সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্রে মৎস্যজীবীদের চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।
কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বুধবার ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
এস এম/ ২৭ অক্টোবর ২০২৬




