চট্টগ্রামে দেড় ঘণ্টার বৃষ্টিতে ফের জলাবদ্ধতা, ভোগান্তিতে নগরবাসী – DesheBideshe

চট্টগ্রামে দেড় ঘণ্টার বৃষ্টিতে ফের জলাবদ্ধতা, ভোগান্তিতে নগরবাসী – DesheBideshe


চট্টগ্রামে দেড় ঘণ্টার বৃষ্টিতে ফের জলাবদ্ধতা, ভোগান্তিতে নগরবাসী – DesheBideshe

চট্টগ্রাম, ২ মে – চট্টগ্রাম বন্দর নগরীতে শেষ বিকেলের মাত্র দেড় ঘণ্টার বৃষ্টিতে আবারও ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শনিবার বিকেল ৪টার পর থেকে শুরু হওয়া এই ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিতে নগরীর প্রবর্তক মোড়, কাতালগঞ্জ, পাঁচলাইশ, রহমতগঞ্জ, সিরাজুদ্দৌলা সড়ক ও রামপুরাসহ বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে।

বৃষ্টির রেশ কাটতে না কাটতেই প্রবর্তক মোড় থেকে বদনা শাহ মাজার পর্যন্ত অংশে পানি জমে যাওয়ায় সাধারণ মানুষ ও যানবাহন চলাচলে চরম বিঘ্ন ঘটে। এর আগে গত সোম থেকে বুধবার পর্যন্ত টানা তিন দিন একই এলাকায় জলাবদ্ধতা ছিল।

বিষয়টি সমাধানে প্রধানমন্ত্রীর নির্দেশে গত বুধবার স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছিলেন। সে সময় তিনি ও সিটি মেয়র শাহাদাত হোসেন পাঁচ দিনের মধ্যে হিজড়া খাল ও জামালখান খালের বাঁধগুলো সরিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। তবে তিন দিন পার হলেও বাঁধগুলো পুরোপুরি না কাটায় আবারও একই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার অন্যতম প্রধান এই সড়কে হাঁটু পানি জমে যাওয়ায় রোগীবাহী যানবাহনও বিপাকে পড়ে। সিটি করপোরেশনের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা জানান, নিচু এলাকায় পানি উঠলেও তা আগের চেয়ে দ্রুত নেমে গেছে। অনেকগুলো আবাসিক এলাকার পানি একযোগে নামায় এবং সব বাঁধ সরানো না হওয়ায় কিছুটা সময় লাগছে।

এদিকে সন্ধ্যায় রামপুরা এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণে গিয়ে মেয়র শাহাদাত হোসেন বলেন, সিডিএ জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজের জন্য খালে বাঁধ দিয়েছিল। সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের মাধ্যমে দ্রুততম সময়ে এসব বাঁধ ও মাটি সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে।

পতেঙ্গা আবহাওয়া দপ্তরের তথ্যমতে, শনিবার বিকেলে ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং সোমবার পর্যন্ত এমন আবহাওয়া বজায় থাকতে পারে।

এনএন/ ২ মে ২০২৬