মাগুরায় বাসের ধাক্কায় কৃষক নিহত | চ্যানেল আই অনলাইন

মাগুরায় বাসের ধাক্কায় কৃষক নিহত | চ্যানেল আই অনলাইন

মাগুরা-ঝিনাইদহ সড়কের পিটিআই এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় কুদ্দুস খান (৭৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (২ মে) দুপুরে রাস্তা পারাপারের সময় মাগুরা থেকে যশোরগামী একটি বাস তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে অল্প সময়ের মধ্যেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের মেয়ে চায়না বেগম জানান, সকালে তার বাবা গ্রামের বাড়ি শ্রীপুর উপজেলার দোসতিনা গ্রাম থেকে মাগুরা শহরে আসেন। পরে পিটিআই এলাকার সড়ক পার হওয়ার সময় তিনি দুর্ঘটনার শিকার হন। খবর পেয়ে পরিবারের সদস্যরা হাসপাতালে গিয়ে তার মরদেহ শনাক্ত করেন।

মাগুরা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আমিনুর রহমান জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।