
🎧অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
সুপারহিট সিনেমা ‘পরাণ’-এর জনপ্রিয় গান ‘চলো নিরালায়’ দিয়ে নতুন করে আলোচনায় এসেছিলেন গায়ক, সুরকার ও সংগীতায়োজক অয়ন চাকলাদার। তবে এবার গান নয়, নিজের ক্যারিয়ার ও প্রাপ্তি-অপ্রাপ্তি নিয়ে করা এক ফেসবুক পোস্টে হতাশা প্রকাশ করেছেন তিনি।
বৃহস্পতিবার নিজের ফেসবুক পোস্টে অয়ন লিখেছেন, “মৃত্যু তো আছেই আজ হোক আর কাল। কিন্তু বেঁচে থাকতে আমার সঠিক মূল্যায়ন হবে কি?”
দীর্ঘদিন ধরে সংগীতের নেপথ্যে কাজ করছেন অয়ন। গান গাওয়ার পাশাপাশি সুর ও সংগীতায়োজনেও রয়েছে তার পরিচিতি। তবে নিজের প্রতিভা ও কাজের যথাযথ স্বীকৃতি না পাওয়ার আক্ষেপ যেন ফুটে উঠেছে অয়ন চাকলাদারের ফেসবুক পোস্টে।
নিজের সম্ভাব্য ভবিষ্যৎ মূল্যায়নের কথা তুলে ধরে অয়ন লেখেন, মৃত্যুর পর হয়তো অনেকেই তার গান শুনে তাকে চিনবেন। কেউ হয়তো বলবেন, “এই গানগুলো তো অয়ন চাকলাদারের গাওয়া, সুর করা কিংবা মিউজিক করা। শুনেছি অনেক, কিন্তু ওকে চিনতাম না।
জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুলের সঙ্গে অয়নের বন্ধুত্বের কথাও উঠে এসেছে তার লেখায়। ইমরানের প্রসঙ্গ টেনে তিনি লিখেছেন, কেউ হয়তো তাকে ইমরানের বন্ধু হিসেবেই মনে রাখবেন। আবার কেউ বলবেন, তার কণ্ঠ ছিল আলাদা, কিন্তু তাকে ঠিকমতো কাজে লাগানো হয়নি।
অয়ন লিখেছেন, “মৃত্যুর পর আমাকে নিয়ে অনেক আফসোস হবে, আমি জানি। কিন্তু বেঁচে থাকতে আমার সঠিক মূল্যায়ন হবে কি?”
অয়ন চাকলাদারের কথাগুলো যেন সংগীতাঙ্গনের এক নেপথ্য প্রতিভার দীর্ঘদিনের চাপা অভিমানকেই সামনে নিয়ে এসেছে। তার মতো আরও অনেক প্রতিভাবান শিল্পীও যথাযথ সুযোগ ও মূল্যায়নের অভাবে নিজেদের মেধার পূর্ণ বিকাশ ঘটাতে পারছেন না।
কণ্ঠ, সুর ও সংগীতায়োজন তিন ক্ষেত্রেই দক্ষতার স্বাক্ষর রাখা অয়নের এই আক্ষেপ তাই শুধু তার একার নয়; বরং জীবদ্দশায় একজন শিল্পীর প্রাপ্য সম্মান ও স্বীকৃতি নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাই মনে করিয়ে দেয়।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
