সাইফুল ইসলাম: মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরি পেতে নিজের মুক্তিযোদ্ধা চাচাকে বাবা পরিচয় দেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সার্ভেয়ার (প্রকৌশল) মো. বেলাল হোসেনের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, শিক্ষাজীবনের শুরু থেকে শিক্ষাগত সনদ, জন্মনিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রে জন্মদাতা বাবা মো. গফুর মণ্ডলের পরিবর্তে চাচা আবুল কালাম আজাদের নাম ব্যবহার করেছেন তিনি। এমনকি ২০২০ সালে পানি উন্নয়ন বোর্ডে চাকরির আবেদনেও বাবার নাম হিসেবে চাচা আবুল কালাম আজাদের নাম উল্লেখ করেন। ওই আবেদনের সঙ্গে মুক্তিযোদ্ধা চাচার সনদ জমা দিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেন বলে অনুসন্ধানে উঠে এসেছে।
অভিযুক্ত বেলাল হোসেন মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরকাটারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. গফুর মণ্ডলের ছেলে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁর আপন ছোট ভাই ইব্রাহীম হোসেন হেলালও বেলালের জন্মদাতা বাবা হিসেবে গফুর মণ্ডলের নাম উল্লেখ করেছেন। একই সঙ্গে আবুল কালাম আজাদকে তাঁদের আপন চাচা বলে নিশ্চিত করেছেন তিনি।
অনুসন্ধানে জানা গেছে, বেলাল হোসেন ২০১১ সালে চরকাটারী সবুজ সেনা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। তাঁর ওই শিক্ষাগত সনদ, ডিপ্লোমা সনদ, জন্মনিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রে বাবা হিসেবে আবুল কালাম আজাদের নাম উল্লেখ রয়েছে। অথচ স্থানীয়দের দাবি, আবুল কালাম আজাদ তাঁর জন্মদাতা বাবা নন, আপন চাচা। পরবর্তী সময়ে ২০২০ সালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে সার্ভেয়ার (প্রকৌশল) পদে চাকরির আবেদনেও একই পরিচয় ব্যবহার করেন বেলাল। ওই আবেদনে বাবার নাম হিসেবে আবুল কালাম আজাদের নাম উল্লেখের পাশাপাশি মুক্তিযোদ্ধার সনদও জমা দেওয়া হয় বলে জানা গেছে।
স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, চরকাটারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. গফুর মণ্ডলের ছেলে বেলাল হোসেন। তাঁর আপন চাচা ছিলেন মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, যিনি স্থানীয়ভাবে আজাদ মণ্ডল নামেও পরিচিত। ছোটবেলা থেকেই বেলাল চাচার বাড়িতে থেকে লেখাপড়া করেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক জনপ্রতিনিধি বলেন, ‘বেলাল গফুর মেম্বারের ছেলে। কিন্তু তাঁর বিভিন্ন কাগজপত্রে বাবা হিসেবে আপন চাচা মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের নাম উল্লেখ করা হয়েছে। সেই পরিচয় ব্যবহার করেই তিনি মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নিয়েছেন বলে আমরা জানি। আমি এই এলাকার জনপ্রতিনিধি। কোন বাড়িতে কার কতজন ছেলেমেয়ে রয়েছে, তা আমার জানা আছে।’
স্থানীয় বাসিন্দা রবিউল ইসলাম বলেন, ‘বেলাল হোসেনের চাচা আজাদ মণ্ডল মুক্তিযোদ্ধা ছিলেন। মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাওয়ার জন্য ছোটবেলা থেকেই বাবার নামের জায়গায় চাচা আজাদ মণ্ডলের নাম ব্যবহার করা হয়েছিল।’
স্থানীয় ব্যবসায়ী কামরুজ্জামান বলেন, ‘শুনেছি, বেলাল হোসেন সার্ভেয়ার কোর্সে ডিপ্লোমা করেছেন। চাচার নাম ব্যবহার করে চাকরিতে যোগ দেওয়ার বিষয়টি জানাজানি হওয়ার পর এ নিয়ে ঝামেলা হয়েছে।’
বেলাল হোসেনের আপন ছোট ভাই ইব্রাহীম হোসেন হেলাল বলেন, ‘আমরা চার ভাইবোন। বেলাল ভাই সবার বড়। তাঁর পরে এক বোন, এরপর আমি এবং সবার ছোট আরেক বোন। আগে আমাদের আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না। এ কারণে বড় ভাই চাচা আবুল কালাম আজাদ ওরফে আজাদ মণ্ডলের বাড়িতে থেকে লেখাপড়া করতেন। ছোটবেলা থেকেই ভাইয়ের সার্টিফিকেটসহ সব কাগজপত্রে চাচার নাম ব্যবহার করা হয়েছে। চাচা তাঁর সম্পদের একটি অংশও বেলাল ভাইকে দিয়ে গেছেন।’
তবে এ বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন মো. গফুর মণ্ডল। তিনি বলেন, ‘আমার এক ছেলে ও এক মেয়ে। বেলাল আমার ভাইয়ের ছেলে।’
এ বিষয়ে অভিযুক্ত মো. বেলাল হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আপনি তো সব জেনেই কল দিয়েছেন। আমি বরখাস্ত হয়েছি। এসব নিয়ে আর কোনো কথা বলতে চাই না।’
বিষয়টি নিয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মচারী পরিদপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. সাদেকুর রহমানের সরকারি ফোনে একাধিকবার কল দিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে শৃঙ্খলা শাখায় যোগাযোগ করা হলে লিখিত আবেদন দিয়ে প্রধান কার্যালয়ে যোগাযোগ করার পরামর্শ দেয়া হয়।
The post চাচাকে বাবা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি! appeared first on ZoomBangla.