
অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন ধরেই ব্যবসার সঙ্গে যুক্ত চিত্রনায়ক ওমর সানী। এবার তার জনপ্রিয় রেস্তোরাঁ ‘চাপওয়ালার শ্বশুরবাড়ি’-র নতুন শাখা চালু করতে যাচ্ছেন এই অভিনেতা। আগামী ১৮ সেপ্টেম্বর সাভারের হেমায়েতপুরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে রেস্তোরাঁটির নতুন শাখা।
প্রায় আট-নয় বছর আগে ‘মেরিমন্টানা’র মাধ্যমে রেস্তোরাঁ ব্যবসায় যুক্ত হন ওমর সানী। রাজধানীর উত্তরায় তার সেই রেস্তোরাঁটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল। পরে অবশ্য সেটি বন্ধ হয়ে যায়।
এর কয়েক বছর পর ‘চাপওয়ালার শ্বশুরবাড়ি’ রেস্তোরাঁ শুরু করেন। এরপর থেকে ব্যবসাটির দেখভালে নিয়মিত সময় দিচ্ছেন তিনি। পাশাপাশি গোল্ডস্যান্ডস গ্রুপের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন এই অভিনেতা।
ব্যবসায় ব্যস্ততার মধ্যেও অভিনয় থেকে পুরোপুরি দূরে সরে যাননি ওমর সানী। পছন্দের গল্প ও চরিত্র পেলে এখনো অভিনয়ের প্রস্তাব গ্রহণ করেন। সম্প্রতি ‘গুলশানের চামেলী’ সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে তাকে।
এদিকে নতুন শাখা খোলার বিষয়টি নিশ্চিত করেছেন ওমর সানীর ছেলে ও ‘চাপওয়ালার শ্বশুরবাড়ি’র ব্যবস্থাপনা পরিচালক ফারদিন এহসান। বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন তিনি। সেখান থেকেই নতুন শাখার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন ফারদিন।
নতুন শাখা চালুর সুযোগ পাওয়ায় মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ওমর সানী। তিনি বলেন, ‘হেমায়েতপুরে চাপওয়ালার শ্বশুরবাড়ির আরও একটি শাখা চালু করার সুযোগ দেওয়ায় আল্লাহর কাছে আমি অসীম কৃতজ্ঞ। ব্যবসায় আল্লাহর রহমত থাকলে এবং সততার সঙ্গে কাজ করলে উন্নতি আসবেই।’
ব্যবসাটিকে এগিয়ে নিতে দিন-রাত পরিশ্রম করছেন জানিয়ে এই অভিনেতা বলেন, ‘আমি এই ব্যবসার জন্য দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমার কর্মীরাও অনেক পরিশ্রম করছেন। আমি তাদের জন্য দোয়া করি এবং তাদের প্রতি আমার ভালোবাসা রইল।’
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

