জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা ও আবেদনের নিয়মাবলী – DesheBideshe

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা ও আবেদনের নিয়মাবলী – DesheBideshe


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা ও আবেদনের নিয়মাবলী – DesheBideshe

ঢাকা, ৯ আগস্ট – জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া আগামী ১৫ নভেম্বর দুপুর ১২টা থেকে শুরু হবে। আবেদনের এই কার্যক্রম চলবে ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্‌দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৮০তম বিশেষ সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় ট্রেজারার অধ্যাপক সাবিনা শরমীন, বিভিন্ন অনুষদের ডিন এবং রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী এবারের ভর্তি পরীক্ষা মোট পাঁচটি ইউনিটে অনুষ্ঠিত হবে। এর মধ্যে বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ইউনিট এ এর পরীক্ষা ১ জানুয়ারি ২০২৭ তারিখে অনুষ্ঠিত হবে।

চারুকলা অনুষদভুক্ত ইউনিট ই এর পরীক্ষা ৮ জানুয়ারি, কলা ও আইন অনুষদভুক্ত ইউনিট বি এর পরীক্ষা ১৫ জানুয়ারি, বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ইউনিট সি এর পরীক্ষা ২২ জানুয়ারি এবং সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ইউনিট ডি এর ভর্তি পরীক্ষা ২৩ জানুয়ারি ২০২৭ তারিখে অনুষ্ঠিত হবে।

সকল পরীক্ষা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত শুধুমাত্র ঢাকা শহরে এমসিকিউ পদ্ধতিতে গ্রহণ করা হবে। আবেদনকারীদের যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে শিক্ষার্থীদের অবশ্যই ২০২৩ বা ২০২৪ সালে এসএসসি এবং ২০২৬ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রতিটি ইউনিটের জন্য ভিন্ন ভিন্ন ন্যূনতম জিপিএ নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞান শাখার জন্য মোট জিপিএ ৭.০০, ব্যবসা শাখার জন্য ৬.৫০ এবং অন্যান্য মানবিক ও সামাজিক বিজ্ঞান ইউনিটের জন্য ৬.০০ জিপিএ প্রয়োজন হবে। চারুকলা ইউনিটের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ ৫.৫০ থাকতে হবে। ভর্তি কার্যক্রম শেষে নতুন শিক্ষাবর্ষের ক্লাস ৪ এপ্রিল ২০২৭ তারিখ থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এস এম/ ৯ আগস্ট ২০২৬