জাহেদ উর রহমানের ঢাকা ফেরা নিয়ে মুখ খুলল ভারত – DesheBideshe

জাহেদ উর রহমানের ঢাকা ফেরা নিয়ে মুখ খুলল ভারত – DesheBideshe


জাহেদ উর রহমানের ঢাকা ফেরা নিয়ে মুখ খুলল ভারত – DesheBideshe

ঢাকা, ২৪ জুন – দিল্লি বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে আটকে রাখা এবং পরবর্তীতে তাঁর ঢাকায় ফিরে আসার ঘটনায় ব্যাখ্যা দিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংবাদ ব্রিফিংয়ে জানিয়েছেন যে, জাহেদ উর রহমান সার্ক ভিসায় ব্যক্তিগত পাসপোর্ট নিয়ে ভারতে গিয়েছিলেন।

ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের কমিটির ২৮তম সভায় যোগ দেওয়াই ছিল তাঁর সফরের মূল উদ্দেশ্য।

মুখপাত্রের দাবি অনুযায়ী, বিমানবন্দরে ইমিগ্রেশন কর্মকর্তারা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন এবং ভ্রমণের উদ্দেশ্য নিশ্চিত হওয়ার পর তাঁকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। তবে তিনি স্বেচ্ছায় ঢাকায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।

১৪ জুন সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাঁকে প্রায় আড়াই ঘণ্টা বসিয়ে রাখা হয় বলে জানা গেছে। ১৫ ও ১৬ জুন অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু দীর্ঘ সময় অপেক্ষার পরও প্রবেশের অনুমতি বিষয়ে কোনো স্পষ্ট বার্তা না পেয়ে উপদেষ্টা দেশে ফেরার সিদ্ধান্ত গ্রহণ করেন।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইমিগ্রেশন কর্তৃপক্ষ শেষ পর্যন্ত অনুমতি দিলেও অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে তিনি সফর বাতিল করেন এবং শ্রীলঙ্কার কলম্বো হয়ে ঢাকায় ফিরে আসেন। এই ঘটনায় পরদিন ১৫ জুন ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনার পবন বাধেকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয় কড়া প্রতিবাদ জানায়।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বিষয়টিকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক হিসেবে উল্লেখ করেছেন।

এনএন/ ২৪ জুন ২০২৬