ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল ঘোষণার প্রক্রিয়া চলছে: সংসদে দুর্যোগমন্ত্রী

ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল ঘোষণার প্রক্রিয়া চলছে: সংসদে দুর্যোগমন্ত্রী

ঢাকা মহানগরে ভূমিকম্প মোকাবিলায় ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল আনুষ্ঠানিকভাবে ঘোষণার প্রক্রিয়া চলছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব। তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৫৬টি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৮৯টিসহ মোট ৪৪৫টি স্থানকে ভূমিকম্পের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে চিহ্নিত করে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।

মঙ্গলবার জাতীয় সংসদে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্যার প্রশ্নের জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বে বিষয়টি উত্থাপিত হয়।

আসাদুল হাবিব বলেন, ঢাকা মহানগর ও আশপাশের এলাকায় ভূমিকম্পসহ নগর দুর্যোগ মোকাবিলায় এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের আওতাধীন স্বেচ্ছাসেবকদের তথ্য সংগ্রহ করে একটি সমন্বিত স্বেচ্ছাসেবক ডেটাবেজ তৈরির কার্যক্রম চলমান।

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ে ভূমিকম্প ও সুনামি-সংক্রান্ত তথ্য পর্যবেক্ষণ এবং দ্রুত প্রচারের ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

মন্ত্রী বলেন, বাংলাদেশ ভূমিকম্প ও সুনামির ঝুঁকিপূর্ণ অঞ্চলের নিকটবর্তী হওয়ায় এ ধরনের দুর্যোগ মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিভিন্ন প্রস্তুতিমূলক ও ঝুঁকি হ্রাসমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। একই সঙ্গে ভূমিকম্প-সহনশীল অবকাঠামো নির্মাণে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (ইমারত বিধিমালা) অনুসরণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।