জিগাতলার সেই কিশোরী আজ সুইডিশ পার্লামেন্টের প্রতিদ্বন্দ্বী

ফারজানা খান মনে করেন, আমরা কোথা থেকে এসেছি, সেটা গুরুত্বপূর্ণ নয়। বরং আমরা কোথায় যেতে চাই, সেটা গুরুত্বপূর্ণ। মডারেট পার্টি করার কারণ জানতে চাইলে তিনি  বলেন, ‘দেখুন, আমরা যখনই সুইডেনের কথা চিন্তা করি, তখন আমাদের মাথায় যে শব্দটা প্রথম আসে সেটা হচ্ছে, নিরাপত্তা। সেটা আর্থিক ও সামাজিক দুটোই। মডারেট পার্টির রাজনীতির মধ্যে আমি এই নিরাপত্তাটা অনুভব করি।’

নিজের রাজনৈতিক পথচলার কথা বলতে গিয়ে ফারজানা বলেন, ‘আমার রাজনৈতিক জার্নিটা শুরু হয়েছে কমিউন থেকে। তারপর রিগিউন আর এখন রিকসদগ (পার্লামেন্ট)-এর পথে। এ জার্নিটা সহজ ছিল না। কিন্তু সেটা আমার ব্যক্তিগত সংগ্রাম। এ সংগ্রামের মধ্য দিয়ে আমি এ পর্যন্ত এসেছি। আমি মডারেট পার্টি থেকে সুইডিশ পার্লামেন্টে প্রতিদ্বন্দ্বিতার জন্য নির্বাচিত হয়েছি। এই দলে আমার অবস্থান ২০। এ দল থেকে ৫০ জন প্রার্থী এবার পার্লামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমার আগে যে ১৯ জন প্রার্থী আছেন, তাঁদের মধ্যে আছেন সুইডেনের বর্তমান প্রধানমন্ত্রী থেকে বিভিন্ন এমপি এবং রাজনৈতিক নেতা। ১৩ সেপ্টেম্বর সুইডিশ পার্লামেন্ট নির্বাচন। সেই নির্বাচনে আমি যত বেশি ভোট পাব, তত বেশি মডারেট পার্টি থেকে পার্লামেন্ট মেম্বার হওয়ার সুযোগ পাব।’