
ছবি: সংগৃহীত
🎧অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক ও কথাসাহিত্যিক এহসান মাহমুদ। সরকার তাকে এক বছরের জন্য এ পদে নিয়োগ দিয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) নিয়োগের পর এহসান মাহমুদ বলেন, বাংলাদেশের ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে জুলাই গণঅভ্যুত্থান একটি অবিস্মরণীয় ঘটনা। এর গৌরবময় স্মৃতি সংরক্ষণ, সংগ্রামের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং জুলাইয়ের শহীদ ও যোদ্ধাদের আত্মত্যাগের স্মারক হিসেবে জাদুঘরটি প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর এই প্রতিষ্ঠানকে ঘিরে এ দেশের মানুষের নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। গণতন্ত্র, সমঅধিকার ও অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার যে শিক্ষা আমরা জুলাই থেকে পেয়েছি, তা সামনে রেখেই কাজ করতে চাই।

এহসান মাহমুদ আরও বলেন, আশা করি, সকলের সমবেত সংযোগ ও সক্রিয়তায় আমরা জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, চর্চা ও গবেষণার পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরকে সাংস্কৃতিক বিদ্যাপীঠের জাতীয় প্রতিষ্ঠান হিসেবে রূপ দিতে সক্ষম হবো। সকলের সহযোগিতা কামনা করি।
এহসান মাহমুদের জন্ম মাদারীপুরে। তার পৈতৃক নিবাস বরিশালের মুলাদীতে। প্রাতিষ্ঠানিক শিক্ষায় তিনি স্নাতক। সাংবাদিক হিসেবে দৈনিক সমকাল, দেশ রূপান্তর, ভয়েস অব আমেরিকা বাংলা, মানবজমিন ও নেত্র নিউজসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন।
সাংবাদিকতার পাশাপাশি সৃজনশীল লেখালেখিতেও সক্রিয় এহসান মাহমুদ। তার প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে উপন্যাস ‘একাত্তরের লালমিয়া’ ও ‘কোকিল অসময়ে ডাকিয়াছিল’। কবিতার বই ‘আদিবাসী প্রেমিকার মুখ’। এ ছাড়া ‘স্বাধীনতা গণতন্ত্র মানবাধিকার: আওয়ামী লীগের শাসনামলে বাংলাদেশ ২০০৯-২০২৩’ এবং ‘বিচার সংস্কার নির্বাচন: অন্তর্বর্তী আমলে বাংলাদেশ’ নামে তার দুটি প্রবন্ধ ও রাজনৈতিক বিশ্লেষণধর্মী বই রয়েছে।
জীবনবৃত্তান্তে বলা হয়েছে, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে লেখালেখির কারণে এহসান মাহমুদ চাকরিচ্যুতির শিকার হয়েছিলেন। তিনি ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে সোচ্চার ছিলেন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।
এ ছাড়া ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলে তার জীবনবৃত্তান্তে উল্লেখ করা হয়েছে। সাংস্কৃতিক সংগঠক হিসেবেও তিনি বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
