<![CDATA[
ইতিহাসের সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় অঙ্গরাজ্য হাওয়াইয়ের মাউই দ্বীপ। দ্বীপটিতে মঙ্গলবার (৮ আগস্ট) শুরু হওয়া দাবানল কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না। এতে এখন পর্যন্ত ৮০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এই দাবানলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা করা হচ্ছে। কারণ স্থানীয় শত শত বাসিন্দা এখনও ‘যোগাযোগহীন’।
দাবানলে মাউই দ্বীপের ঐতিহাসিক শহর লাহাইনাসহ পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়া বেশ কয়েকটি এলাকায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন দমকলকর্মীরা।
আরও পড়ুন: দাবানল /আগুন থেকে বাঁচতে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ছে মানুষ!
এছাড়া, কর্তৃপক্ষ কীভাবে দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে তা নিয়ে একটি ‘বিস্তৃত পর্যালোচনার’ ঘোষণা দিয়েছেন হাওয়াইয়ের অ্যাটর্নি জেনারেল। মূলত, কর্মকর্তারা দাবানলের বিষয়ে বাসিন্দাদের দ্রুত সতর্ক করেছিলেন কি না, তা নিয়ে প্রশ্ন ওঠার পরই এই পর্যালোচনার ঘোষণা এলো।
হাওয়াইয়ের গভর্নর জোশ গ্রিন জনগণকে সতর্কভাবে চলাফেরার পরামর্শ দিয়ে বলেছেন, ‘এই অঙ্গরাজ্যে বহু বছরে এমন প্রাণহানির ঘটনা ঘটেনি’।
দাবানলে প্রায় ১ হাজার ৭০০ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে লাহাইনার প্রায় ৮০ শতাংশ স্থাপনা ধ্বংস হয়ে গেছে।
আরও পড়ুন: ইউরোপ-আফ্রিকার বিভিন্ন অঞ্চলে দাবানল, বাড়ছে ক্ষয়ক্ষতি
এদিকে, দাবানলে প্রাণ হারানো ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। হাওয়াই দ্বীপপুঞ্জের দাবানলকে ‘ভয়াবহ বিপর্যয় কবলিত অঞ্চল’ ঘোষণা করে উদ্ধারকাজ বাড়ানোরও নির্দেশ দেন তিনি। একইসঙ্গে স্থানীয়দের সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন বাইডেন।
]]>



