কর্মকর্তাদের দাবি, শক্তিশালী আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে অধিকাংশ ড্রোনই আকাশে ধ্বংস করা হচ্ছে। তবে যে কয়েকটি ড্রোন আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম হয়েছে, সেগুলোই রুশদের স্বাভাবিক জীবনযাত্রা থামিয়ে দিতে যথেষ্ট।
নাম প্রকাশ না করার শর্তে মস্কোর এক বাসিন্দা স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা সবাই হতবাক, হামলার ঘটনা ঘটছে। অবশ্য আমরা রাজনীতিক নই, তাই এ নিয়ে মন্তব্য করতে চাই না।’
আরেক নারী বললেন, ‘আমার দুটি শিশু আছে। এ সময়ে তাদের জন্ম হয়েছে বলে লজ্জা লুকাতে পারছি না।’
আগস্টের প্রথম সপ্তাহের চেয়ে দ্বিতীয় সপ্তাহ কম আতঙ্কের নয়। এ সপ্তাহে আরও হতাহতের ঘটনা ঘটেছে। মস্কো থেকে সড়কপথে দুই ঘণ্টার পথ সের্গিয়েভ পোসাদ শহরে রহস্যজনক বিস্ফোরণে একটি শিল্পকারখানা বিধ্বস্ত হয়েছে। এই কারখানায় সামরিক সরঞ্জাম তৈরি হতো। এ ঘটনায় ১ জন নিহত ও ৮৪ জন আহত হন।



