ঝালকাঠি প্রতিনিধি:
দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য ও অরাজকতার প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে দলটির জেলা শাখা ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
বিকেলে ঝালকাঠি প্রেস ক্লাব চত্বর থেকে মিছিলটি বের হয়। এর আগে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল হাই, সদর উপজেলা জামায়াতের আমির মনিরুজ্জামান তালুকদার ও জেলা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসানসহ অন্য নেতারা।
সমাবেশে বক্তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও অরাজকতার অভিযোগ তুলে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
বক্তারা বলেন, দেশে সন্ত্রাস, নৈরাজ্য ও অরাজকতা কোনোভাবেই বরদাশত করা হবে না। দেশের শান্তি, স্থিতিশীলতা ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। যেকোনো ধরনের অপতৎপরতা ও সহিংসতার বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে।
পরে প্রেস ক্লাব চত্বর থেকে বের হওয়া মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফায়ার সার্ভিস মোড়ে গিয়ে শেষ হয়। এতে জেলা জামায়াত ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।
The post ঝালকাঠিতে জামায়াতের বিক্ষোভ মিছিল appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.